শেষ সেশনে ৩ উইকেট নিয়ে লড়াইয়ের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
এইডেন মার্করামের উইকেট তুলে নিয়েছিলেন নিজের প্রথম ওভারেই। পরে আরও ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছেন হাসান মাহমুদই। ছবি: সংগৃহীত
এইডেন মার্করামের উইকেট তুলে নিয়েছিলেন নিজের প্রথম ওভারেই। পরে আরও ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছেন হাসান মাহমুদই। ছবি: সংগৃহীত

দিনের শুরুতে লিটন দাস তুলে নিলেন শতরান। শেষের দিকে লেজের লড়াইয়ে ৬ উইকেটে ৩২৭ থেকে দলের রান পৌঁছে গেল ৪০০-তে। তবে মার্কাস অ্যাকারম্যান আর জুবায়ের হামজার দারুণ ব্যাটিং বলা চলে বাংলাদেশকে ছিটকে দিচ্ছিল ম্যাচ থেকে। শেষ পর্যন্ত দিনের শেষ সেশনে দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

সোমবার (১৬ নভেম্বর) জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৮৭। বাংলাদেশের থেকে তারা এখনো ১১৩ রানে পিছিয়ে আছে।

বাংলাদেশের ৪০০ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা অবশ্য সুখকর হয়নি। দ্বিতীয় ওভারেই এইডেন মার্করামকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন হাসান মাহমুদ। এর পরের গল্পটা হামজা-অ্যাকরম্যানের। দুজনে মিলে ২০২ রানের জুটি গড়েন মাত্র ২৬২ বলে। তাতে ৪২ ওভারেই দক্ষিণ আফ্রিকার রান ২০০ স্পর্শ করে।

দুই প্রোটিয়া ব্যাটারের মধ্যে হামজাকে শেষ পর্যন্ত ফিরিয়েছেন পার্টটাইমার মুমিনুল হক। ১২৯ বলে ৮৩ রান করে ফেরেন তিনি। অ্যাকারম্যানকে অবশ্য ঠেকানো যায়নি শতক থেকে। বরং শতক পেরিয়ে দেড় শতকও তুলে নেন তিনি, তাও বলা যায় ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে। ৫৫ ওভারের প্রথম বলে হাসান মাহমুদকে হুক করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে তাসকিনকে যখন ক্যাচ দিয়ে ফিরছিলেন, তখন তার নামের পাশের ১৬৪ বলে ১৫৭ রান, স্ট্রাইক রেট ৯৫-এর চেয়ে বেশি!

ম্যাথু ব্রিটজকেও সুবিধা করতে পারেননি ব্যাটিংয়ে নেমে। ১৭ বলে ২ রান করে হাসান মাহমুদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বাকি সময় পার করে দিয়েছেন রায়ান রিকেলটনকে নিয়ে। ৫৪ বলে ১৯ রান নিয়ে বাভুমা আর ৭ বলে ৭ রান নিয়ে অপরাজিত আছেন রিকেলটন।

জুবায়ের হামজা আর মার্কাস অ্যাকারম্যানের ২৬০ বলে ২০২ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছে জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে। ছবি: সংগৃহীত
জুবায়ের হামজা আর মার্কাস অ্যাকারম্যানের ২৬০ বলে ২০২ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিয়েছে জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটের মধ্যে ৩ উইকেটই নিয়েছেন হাসান মাহমুদ। ১৬ ওভারে ৬২ রান দিয়েছেন তিনি। বাকি উইকেটটি মুমিনুল হকের। ৮ ওভার বল করে ৩৬ রান দিয়েছেন তিনি। তাসকিন আহমেদ ১৫ ওভার, মেহেদী হাসান মিরাজ ১৬ ওভার ও এবাদত হোসেন ৭ ওভার বল করেও কোনো সাফল্য পাননি।

এর আগে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। ৯২ রানে অপরাজিত থেকে দিন শুরু করা লিটন দাস খুব দ্রুতই শতক তুলে নেন। মেহেদি হাসান মিরাজকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ১৬ বলে ১০ রানের বেশি তুলতে পরেননি মিরাজ। ১২০ রান করে ফিরে যান লিটন দাসও। ১৭৯ বলের এই ইনিংসে বাউন্ডারি হাঁকিয়েছেন ১৪টি। একমাত্র ছক্কাটি ছিল ৯৮ রান থেকে শতক পূরণ করার বলটিই!

সেঞ্চুরি হাঁকিয়ে তা মেয়েকে উৎসর্গ করেছেন লিটন দাস। ছবি: সংগৃহীত
সেঞ্চুরি হাঁকিয়ে তা মেয়েকে উৎসর্গ করেছেন লিটন দাস। ছবি: সংগৃহীত

পরের দিকে হাসান মাহমুদের ২৪ বলে ১৬ রান আর তাসকিন আহমেদের ১৬ বলে ১৭ রানের ওপর ভর করে ৪০০ রানের স্কোর স্পর্শ করে বাংলাদেশ।

আগের দিন দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ছিলেন কাগিসো রাবাদা। তবে দ্বিতীয় দিনে ডেন প্যাটারসন ছাড়া কোনো বোলারই সুবিধা করতে পারেননি। বাংলাদেশের শেষ যে ৪ উইকেট হাতে ছিল এ দিন, তার সবগুলোই তুলে নিয়েছেন প্যাটারসন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad