তানজিদের ঝোড়ো ফিফটি, ১১ মাস পর উদ্বোধনী জুটিতে শতরান

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৩: ৫৩
মাত্র ৪১ বলেই অর্ধশত রান তুলে নিয়েছেন তানজিদ তামিম। ছবি: বিসিবি
মাত্র ৪১ বলেই অর্ধশত রান তুলে নিয়েছেন তানজিদ তামিম। ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো সূচনা পেয়েছে বাংলাদেশ। টস জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, তা প্রমাণ করে যাচ্ছেন দুই ওপেনার তানজিদ হাসান ও সাদমান ইসলাম। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামা তানজিদ তো রীতিমতো ঝড়ই তুলেছেন ব্যাটে, মাত্র ৪১ বলে তুলে নিয়েছেন অর্ধশতক।

তানজিদের ঝোড়ো ব্যাটিংয়ের কল্যাণে দলও মাত্র ১৮ ওভারেই ১০০ রান স্পর্শ করেছে। বলা যায় রান এসেছে ওয়ানডে ম্যাচের গতিতে। সেই সঙ্গে ১১ মাস পর এই প্রথম টেস্টে শতরানের উদ্বোধনী জুটি পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মুখোমুখি হয়েছে দুই দল। আফগানিস্তান এই টেস্টের স্বাগতিক হলেও তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের পরিস্থিতি না থাকায় নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি আয়োজন করা হয়েছে।

স্থানীয় সময় সকালে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আস্থার সঙ্গে খেলতে থাকেন সাদমান ও তানজিদ। সাদমান বেশ দেখেশুনে খেললেও তানজিদ তার ধার ধারেননি। লুজ বল পেলেই হাঁকিয়েছেন। এখন পর্যন্ত আফগানদের বোলিং প্রায় নির্বিষ হওয়ায় ফলও পেয়েছেন হাতেনাতে। মাত্র ৪১ বলেই ফিফটি তুলে নিয়েছেন তিনি। তখনই ৭টি বাউন্ডারির সঙ্গে একটি ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি।

বিপরীতে সাদমান ইসলাম মোটামুটি টেস্ট মেজাজেই খেলছেন প্রায় ৫০ স্ট্রাইক রেট ধরে রেখে। দুজনের সম্মিলিত ব্যাটিংয়ে দলের রানরেট অনেকটা ওয়ানডের মতো। ১৮ ওভার শেষেই সে রান ১০০ স্পর্শ করে। রানরেট সাড়ে ৫-এর বেশি।

১৮ ওভার শেষে সাদমান অপরাজিত রয়েছেন ৩১ রানে, বল খেলেছেন ৫৭টি। চারটি বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে। আর তানজিদ অপরাজিত ৬৪ রানে, তিনি বল খেলেছেন মাত্র ৫২টি। আটটি বাউন্ডারির সঙ্গে দুটি ছক্কা রয়েছে তার।

টেস্টে উদ্বোধনী জুটিতে শতরানও বাংলাদেশ পেল প্রায় এক বছর পর। গত বছরের নভেম্বরে ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১১৯ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। এরপর পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট, জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সবগুলোতেই উদ্বোধনী জুটি ব্যর্থ হয়েছে বড় রান পেতে। ১১ মাস পর ফের উদ্বোধনী জুটিতে এলো শতরান।

সাদমান আর তানজিদ মধ্যাহ্নবিরতি পর্যন্ত উইকেট অটুট রেখে খেলতে পারলে আবুধাবি টেস্টের প্রথম সেশনটি পুরোপুরি বাংলাদেশের হয়ে যাবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement