সেঞ্চুরিয়ানে ব্যাটিংয়ের পর বোলিং-ফিল্ডিংয়েও হতাশা বাংলাদেশের

প্রথমে ব্যাট করতে নেমে ৯১ রানে অলআউট হয়ে সিরিজের দ্বিতীয় টেস্টকে শুরুতেই কঠিন করে তুলেছে বাংলাদেশ। ব্যাটিংয়ের মতো বোলিংয়ে নেমেও সুখকর কিছু হয়নি। বোলিংয়ে কিছু ইতিবাচক দিক থাকলেও ফিল্ডিংয়ের ব্যর্থতা কেবল আশার জলে পানিই ঢেলেছে। এমনকি রিভিউ নেওয়ার ক্ষেত্রেও নিদারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ।
সোমবার (২৩ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯১ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ।
সেখান থেকে চার পেসার নিয়ে প্রত্যাশা ছিল দক্ষিণ আফ্রিকার ইনিংসকেও চাপে ফেলা। কিন্তু বাস্তবে তা হয়নি অনেকগুলো কারণেই, যাকে শেষ পর্যন্ত সম্মিলিত ব্যর্থতা ছাড়া বলার কিছু নেই।
বাংলাদেশের বোলিং ইনিংসের দ্বিতীয় বলকেই বাউন্ডারিতে পাঠান প্রোটিয়া ওপেনার ও ক্যাপ্টেন এইডেন মার্করাম। তাসকিন আহমেদের করা সেই ওভারের শেষ বলটি ছিল দারুণ। মার্করাম ব্যাট এগিয়ে ডিফেন্স করতে চাইলে কোনোমতে ব্যাটের আউটসাইড বিট করে বল চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। একটু এদিক-সেদিক হলে সে বলেই প্যাভিলিয়নে ফিরতে পারতেন প্রোটিয়া অধিনায়ক।
নতুন বলে দ্বিতীয় ওভার শুরু করেন শরিফুল ইসলাম। চতুর্থ বলে মার্করামকেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। মার্করাম রিভিউ নিলে দেখা যায়, বল পিচ করেছে লেগসাইডের সামান্য বাইরে। বেঁচে যান মার্করাম, উইকেটবঞ্চিত হন শরিফুল।
পরের ওভারে তাসকিনের বলে আরেক ওপেনার মার্কেন অ্যাকারম্যানের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের জোরালো আবেদন উঠলে আম্পায়ার সাড়া দেননি। এবারে বাংলাদেশও রিভিউ নেয়নি। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, রিভিউ নিলেই আসত ‘থ্রি রেড’, অর্থাৎ আউট হয়ে যেতেন অ্যাকারম্যান।
নিজের খেলা ষষ্ঠ বলেই জীবন পাওয়া অ্যাকারম্যানকে আর আউট করা যায়নি দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত। প্রথম টেস্টের এই সেঞ্চুরিয়ান এখন পর্যন্ত ৫৩ বলে ৪৬ রান করে অপরাজিত রয়েছেন।
এদিকে প্রথম ৩ ওভারের সুযোগগুলোর একটাও শেষ পর্যন্ত চূড়ান্ত সাফল্য বয়ে না আনার পর চতুর্থ ওভার থেকে প্রতিআক্রমণের পথ বেছে নেন মার্করাম-অ্যাকারম্যান। ৮ ওভারেই দুজন দলীয় রান নিয়ে যান ৪৯ রানে। রান রেট তখন ৬-এর বেশি।
দশম ওভারে বোলিংয়ে এসেই সাফল্যের দেখা পান এবাদত হোসেন। অফ স্টাম্পের অনেক বাইরে, প্রায় সপ্তম স্টাম্প বরাবর বল চালিয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন মার্করাম। সামনে ডাইভ দিয়ে লিটন তালুবন্দি করলে প্রোটিয়া অধিনায়কের ২৩ বলে ২১ রানের ইনিংসের সমাপ্তি ঘটে।
জুবায়ের হামজা নামার পর দেখেশুনে শুরু করেন প্রথম কয়েকটি বল। পরের ওভারে খালেদ আহমেদের দুর্দান্ত এক ডেলিভারি তাকে বাধ্য করে স্লিপে ক্যাচ দিতে। তবে তাওহীদ হৃদয় ক্যাচটি হাতে রাখতে পারেননি। বেঁচে যান হামজা, দারুণ বল করেও উইকেটবঞ্চিত হন খালেদ।
শেষের দিকে অ্যাকারমান আবার লেগসাইডে গ্লান্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। এবার অবশ্য লিটন দাসের জন্য ক্যাচটি বেশ কঠিনই ছিল। ডান দিকে ফুল স্ট্রেচে ডাইভ দিয়েও বলের নাগাল পাননি। অ্যাকারম্যান আর হামজা অপরাজিত থেকেই দিন শেষ করেছেন।
আলোকস্বল্পতায় কয়েক ওভার আগেই খেলা শেষ হয়েছে। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৮৮ রান। মাত্র ১৭ ওভার খেলেই বাংলাদেশের চেয়ে মাত্র ৩ রানের দূরত্বে অবস্থান করছে দলটি। দ্বিতীয় দিনের শুরুতে বল হাতে পেসাররা তেমন কোনো ম্যাজিক দেখাতে না পারলে প্রথম ইনিংসেই দ্বিতীয় টেস্টের পরাজয় অবধারিত হয়ে যাবে।
এর আগে বাংলাদেশ টসে হেরে ব্যাটিংয়ে নামলে মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেন। বাকিরা সব শূন্য থেকে শুরু করে এক ডিজিটের স্কোরে সীমাবদ্ধ থাকলে শেষ পর্যন্ত বাংলাদেশ ৯১ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেছেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। দুই অঙ্কে পৌঁছানো বাকি দুজনের মধ্যে ১৯ রান করেছেন তাওহীদ হৃদয়, ১৮ করেছেন মুমিনুল হক।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদা। দুটি উইকেট নিয়েছেন এনরিক নর্কিয়া। আর একটি করে উইকেট নিয়েছেন উইয়ান মুল্ডার ও সাইমন হার্মার।















