দক্ষিণ আফ্রিকার ১৫৭ রানের লিড, নো বলে ফাইফার মিস হাসানের

চতুর্থ দিনের শুরুতে প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৪ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। হাতে ছিল তিন উইকেট। সেখান থেকে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার বড় জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। পরে শেষ উইকেটে টেম্বা বাভুমা ও ডেন প্যাটারসনের ব্যাটে আরও ৪৫ রান যোগ হলে ১৫৭ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। তবে নো বলের কারণে পঞ্চম উইকেটের দেখা পাননি হাসান মাহমুদ।
মঙ্গলবার তৃতীয় দিনে ৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের চেয়ে ২৪ রানে পিছিয়ে ছিল। দলের এমন অবস্থায় সংবাদ সম্মেলনে রায়ান রিকেলটন বলেছিলেন, ১০০ রানের লিড পেলেই তারা স্বস্তি পাবেন। শেষ পর্যন্ত তার চাওয়া পূরণ হয়েছে, বরং প্রত্যাশার চেয়েও বেশি লিড পেয়েছে প্রোটিয়ারা।
চতুর্থ দিন ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ৫৬ রানে অপরাজিত রিকেলটনের সঙ্গে ক্রিজে ছিলেন ৫ রান করা রাবাদা। দুজন মিলে নবম উইকেটে যোগ করেন ১১৭ রান। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নেন রিকেলটন। অন্যদিকে দ্বিতীয় টেস্ট ফিফটি করেন রাবাদা।
তবে ৩৮ রানেই রাবাদাকে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে তার ক্যাচ নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। সেই জীবন কাজে লাগিয়ে পরে ৯৩ বলে ৭২ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। ১০টি চার ও দুটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। মেহেদী হাসান মিরাজের বলে আউট হওয়ার আগে পরপর দুটি ছক্কাও মারেন তিনি।
রাবাদার আগে সাজঘরে ফেরেন রিকেলটন। মিরাজের বলে লিটন দাসের স্টাম্পিংয়ের শিকার হন তিনি। তার ব্যাট থেকে আসে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। রিকেলটনকে স্টাম্পিং করে টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্ব রেকর্ডে যৌথভাবে শীর্ষে ওঠেন লিটন।
এর আগে ছয়টি ক্যাচ নেওয়া এই উইকেটকিপার এবার একটি স্টাম্পিংও করেন। টেস্ট ইতিহাসে এক ইনিংসে সাতটি ডিসমিসালের রেকর্ড এত দিন ছিল পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভার।
নবম উইকেটের জুটি ভাঙার পর রিটায়ার্ড হার্ট হয়ে আগের দিন মাঠ ছাড়তে বাধ্য হওয়া বাভুমা আবার ব্যাট করতে নামেন। এক রান নিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ উইকেটে প্যাটারসনের সঙ্গে তার জুটি থেকে আসে আরও ৪৫ রান।
প্যাটারসন ১১ রানে থাকতেই হাসান মাহমুদের বলে তার লেগ স্টাম্প ভেঙে যায়। কিন্তু বলটি নো হওয়ায় পঞ্চম উইকেটের দেখা পাননি বাংলাদেশের এই পেসার। জীবন পেয়ে পরের দুই ওভারে একটি ছক্কা ও একটি চার মারেন প্যাটারসন। শেষ পর্যন্ত দলীয় ৫৫৭ রানে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে। ২৯ রান করে আউট হন প্যাটারসন, ৬৮ রানে অপরাজিত থাকেন বাভুমা।













