৩৪৮১২২০০— টেলিফোন ডিজিটের মেলা বসিয়ে ৯১ রানে অলআউট বাংলাদেশ

৩ ৪ ৮ ১ ২ ২ ০ ০— টেলিফোন ডিজিট নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের আট আটজন ব্যাটারের ব্যক্তিগত সংগ্রহ এই রানগুলো। এই আটজনের বাইরে দুই অঙ্ক স্পর্শ করেছেন মাত্র তিনজন। ফলে যা হওয়ার তাই হয়েছে, ৯১ রানেই আউট বাংলাদেশ।
সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নে শুরু হয়েছে বাংলাদেশের দলের দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টসে জিতে বোলিং বেছে নেন একাদশে চার পেসার রাখা প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম, বাংলাদেশকে পাঠান ব্যাটিংয়ে।
বৃষ্টিতে টেস্টের প্রথম দিনের প্রথম সেশন পুরোটাই ভেসে যায়। খেলা শুরু হয় দ্বিতীয় সেশনে। খেলা শুরু হতেই কাগিসো রাবাদা আর মার্কো ইয়ানসেনের তোপের মুখে পড়েন বাংলাদেশের ব্যাটাররা। রাবাদা উইকেটের দেখা না পেলেও নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারেই ইয়ানসেন তুলে নেন ওপেনার তানজিদ হাসান তামিমকে।
দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিনকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মুমিনুল হক। ১১ ওভারের মতো স্থায়ী হয় তাদের জুটি। দলের ১৩তম ও নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম টেস্টে সুযোগ না পাওয়া এনরিক নর্কিয়া সে প্রতিরোধ ভেঙে দেন, সঙ্গে করেন জোড়া আঘাত। সেই সঙ্গে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপও।
ওই ওভারের দ্বিতীয় বলে মাহফিজুল আর চতুর্থ বলে অধিনায়ক শান্তর স্টাম্প উপড়ে ফেলেন নর্কিয়া। কয়েক ওভার পরে মুমিনুলও বোল্ড হয়ে যান উইয়ান মুল্ডারের বলে। ৬০ রানে ৪ উইকেট হারিয়ে দল তখন ধুঁকছে। তবে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে এ ধরনের পরিস্থিতি নতুন কিছু নয়। বহুদিন ধরেই এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েই অনেক সময় সম্মানজনক, কিছু কিছু সময় বড় সংগ্রহও এনে দিয়েছেন ব্যাটাররা।
তবে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার পেস তোপের সামনে আর ঘুরে দাঁড়ানো হয়নি। সেশন শেষ হওয়ার ঠিক আগের দুই ওভারে লিটন দাস আর তাওহীদ হৃদয়ের উইকেটের পতন বাংলাদেশের ম্যাচে মোটামুটি সংগ্রহের সব আশার দরজাও বন্ধ করে দেয়। এর মধ্যে ইয়ানসেনের বলে জুবায়ের হামজাকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন লিটন। আর সেশনের ঠিক শেষ ওভারে সাইমন হার্মারকে এক ছক্কা আর এক চার হাঁকানোর পর শেষ বলটি সামনে গিয়ে ড্রাইভ খেলতে গিয়ে লেন্থে বিট হয়ে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান হৃদয়।
৮৫ রানে ৬ উইকেট নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ। তখন স্বীকৃত ব্যাটার বলতে ক্রিজে ছিলেন একমাত্র জাকের আলী। বিরতির পর তার সঙ্গী ছিলেন একাদশে থাকা চার পেসার। জাকের নিজে বা বোলারদের কেউও ব্যাট হাতে কোনো প্রতিরোধই গড়তে পারেননি শেষ সেশনে।
শেষ সেশনের শুরুতে টানা তিন ওভারে শরিফুল ইসলাম, জাকের আলী আর তাসকিন আহমেদের উইকেট তুলে নেন প্রথম সেশনে একটিও উইকেট না পাওয়া রাবাদা। তার তৃতীয় উইকেট নেওয়ার ঠিক পরের ওভারেই খালেদের উইকেটটি তুলে নেন ইয়ানসেন। তাতেই ৯১ রানে অলআউট হয় বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেছেন মাহফিজুল রবিন। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান হৃদয়ের, তৃতীয় সর্বোচ্চ ১৮ রান মুমিনুলের। এর বাইরে আর কোনো ব্যাটারই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। তানজিদ, শান্ত, লিটন, জাকের, শরিফুল, তাসকিন ও খালেদের সংগ্রহ যথাক্রমে ৩ ৪ ৮ ১ ২ ২ ০। এবাদত ছিলেন অপরাজিত, দল অলআউট হওয়ার আগে ৫ বল খেলে তিনিও কোনো রান সংগ্রহ করতে পারেননি।
প্রোটিয়া বোলারদের মধ্যে ১০.৩ ওভার বল করে ১৭ রানে ৩ উইকেট নিয়ে সফলতম মার্কো ইয়ানসেন। ৩ উইকেট নিয়েছেন রাবাদাও, এর জন্য ৯ ওভারে ২৪ রান দিতে হয়েছে তাকে। এ ছাড়া ৬ ওভার বল করে ১০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন নর্কিয়া। একটি করে উইকেট ঝুলিতে পুড়েছেন মুল্ডার আর হার্মার।













