এক ইনিংসে ৮ ডিসমিসাল, টেস্টে নতুন ইতিহাস গড়লেন লিটন

ক্রীড়া ডেস্ক
কাগিসো রাবাদাকে স্টাম্পিং করে ডিসমিসালের রেকর্ড গড়েছেন লিটন দাস। ছবি: সংগৃহীত
কাগিসো রাবাদাকে স্টাম্পিং করে ডিসমিসালের রেকর্ড গড়েছেন লিটন দাস। ছবি: সংগৃহীত

ছক্কা মারার নেশায় তখন বুঁদ কাগিসো রাবাদা। মেহেদী হাসান মিরাজের বলে টানা দুটি ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রানের দেখা পেয়েছেন। তাই পরের বলেও বড় শট খেলতে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। কিন্তু এবার আর ব্যাটে-বলে হলো না। বল জমা পড়ল উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। স্টাম্পিং!

রাবাদাকে স্টাম্পিং করার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন লিটন। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০ ব্যাটসম্যানের আটজনের বিদায়ে সরাসরি অবদান রেখেছেন তিনি। এর মধ্যে ছয়টি ক্যাচ এবং দুটি স্টাম্পিং। টেস্টের ১৫০ বছরের ইতিহাসে এক ইনিংসে কোনো উইকেটকিপারের আটটি ডিসমিসালের ঘটনা এটাই প্রথম।

এর আগে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ডিসমিসালের রেকর্ড ছিল। এই কীর্তিতে এত দিন ভাগ বসিয়েছিলেন পাঁচজন। এবার তাদের ছাড়িয়ে এককভাবে রেকর্ডের মালিক হলেন লিটন।

টেস্টে প্রথমবার এক ইনিংসে সাতটি ডিসমিসালের রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি। ১৯৭৯ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। পরে একই রেকর্ডে নাম লেখান ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা।

আজ মেহেদী হাসান মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে সাত ডিসমিসালের রেকর্ডে ভাগ বসান লিটন। পরে রাবাদাকেও একইভাবে ফিরিয়ে আট ডিসমিসালে পৌঁছে যান তিনি। দক্ষিণ আফ্রিকার ইনিংসের নবম উইকেট ছিল সেটি।

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে শুধু মার্কাস অ্যাকারম্যানের আউট হওয়ার ঘটনায় লিটনের কোনো অবদান ছিল না। হাসান মাহমুদের বলে তার ক্যাচ নিয়েছিলেন তাসকিন আহমেদ। দশম ব্যাটসম্যান ডেন প্যাটারসনও লং অফে হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামে ৫৫৭ রানে। তবে লিটনের সামনে আরও একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। টেস্টের দুই ইনিংস মিলিয়ে কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ১১টি।

এই কীর্তি রয়েছে তিনজনের— ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের জ্যাক রাসেল, ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ঋষভ পন্ত। রাসেল ও ডি ভিলিয়ার্স দুজনই রেকর্ডটি গড়েছিলেন জোহানেসবার্গে।

একই মাঠে খেলতে নেমে তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ এখন লিটনের সামনে। তবে দুই ইনিংস মিলিয়ে ১১ ডিসমিসালের রেকর্ড ছুঁতে বা ছাড়াতে না পারলেও এক ইনিংসে সর্বোচ্চ আট ডিসমিসালের রেকর্ডটি এরই মধ্যে নিজের করে নিয়েছেন বাংলাদেশের এই উইকেটকিপার।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad