২য় দিনেই ম্যাচ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ, ইনিংস পরাজয়ের শঙ্কা

ক্রীড়া ডেস্ক
মার্কেস অ্যাকারম্যানের ১৫০ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে বড় রানের ভিত্তি গড়ে দিয়েছে। ছবি: সংগৃহীত
মার্কেস অ্যাকারম্যানের ১৫০ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকাকে বড় রানের ভিত্তি গড়ে দিয়েছে। ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয়েই ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিলেন বাংলাদেশি ব্যাটাররা। প্রথম দিন শেষে মাত্র ১৭ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে সেই রান প্রায় স্পর্শ করে ফেলা দক্ষিণ আফ্রিকা ইঙ্গিত দিয়েছিল, এ টেস্টে বাংলাদেশের ফেরার সম্ভাবনা কম। দ্বিতীয় দিনে ধারাবাহিকভাবে লাইন-লেন্থ ধরে রেখে বল করতে না পারার পাশাপাশি একের পর এক ক্যাচ মিস সেই ইঙ্গিতকেই সত্যে পরিণত করেছে।

সেঞ্চুরিয়ানে মঙ্গলবার (২৪ নভেম্বর) দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষের তথ্য বলছে, দক্ষিণ আফ্রিকা হাতে এখনো ৩ উইকেট রেখে লিড নিয়েছে ৪০৩ রানের! সাম্প্রতিক সময়ে ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই দারুণ সাফল্য পাওয়া অলরাউন্ডার মার্কো ইয়ানসেন ৬৭ রানে অপরাজিত থাকায় সেই লিড আরও বাড়ার সম্ভাবনাই রয়েছে তৃতীয় দিনের সকালে।

সে হিসাবে দ্বিতীয় দিনেই বাংলাদেশের ম্যাচ থেকে ছিটকে পড়া নিশ্চিত হয়েছে। কারণ দক্ষিণ আফ্রিকা এখনো যদি ইনিংস ঘোষণা করে দেয়, তাহলে কেবল ইনিংস পরাজয় এড়াতেই বাংলাদেশের পার হতে হবে ৪০৩ রানের গণ্ডি। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পর এমন আশা আকাশকুসুম কল্পনা ছাড়া অন্য কিছু হতে পারে না।

দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ৮৮ রান নিয়ে দিন শুরু করেছিল। দিনের শুরুতে বোলাররা ভালো কিছু করলে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হলেও হতে পারে— এমন প্রত্যাশা নিয়েই ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন সমর্থকরা। কিন্তু প্রথম উইকেট পেতেই ঘণ্টা পেরিয়ে যায় বাংলাদেশের। দলের ১৪৫ রানের মাথায় আউট হন জুবায়ের হামজা।

এরপর মার্কেস অ্যাকারম্যান আর টনি ডি জর্জি জুটি গড়েন ৭৪ রানের। অ্যাকারম্যান দিনের শুরুটা দেখেশুনে খেললেও পরে দ্রুত রান তোলায় মনোযোগী হন। ২৩ বাউন্ডারি আর ৪ ছক্কায় গড়া তার ইনিংস থামে শেষ পর্যন্ত ১৫০ করার পর। এর জন্য তিনি বল খেলেছেন মাত্র ১৩৮টি।

অ্যাকারম্যানের বিদায়ের পর ম্যাথিউ ব্রিটজকে আর রায়ান রিকেলটন খুব বেশিক্ষণ থিতু হতে পারেননি। দুজনেই আউট হয়েছেন ২০ রান করে। ওদিকে ডি জর্জি ছিলেন অবিচল। তার সঙ্গে যোগ দিয়ে উইয়ান মুল্ডারও জেঁকে বসেন উইকেটে। দুজনে ৯২ রানে জুটি গড়ার পর ডি জর্জি আউট হন ব্যক্তিগত ৬৬ রানে।

এরপর দুই অলরাউন্ডার মুল্ডার আর মার্কো ইয়ানসেন দারুণ জুটি গড়েন। প্রায় ৩০ ওভার উইকেটে কাটিয়ে দিলে শতরানের জুটি আসে তাদের কাছ থেকে। দুজনে মিলেই দিন শেষ করে দিয়েছিলেন প্রায়। দিনের শেষ বলের ঠিক আগের বলে পার্টটাইমার তাওহীদ হৃদয়ের বলে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুল্ডার। তবে এর আগেই তিনি তুলে নিয়েছেন শতরান।

দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৪৯৪ রান। এ দিন ৯৮ ওভারে ৪-এর বেশি রানরেটে এসেছে ৪০৬ রান। দিন শেষে ৯১ বলে ৬৭ রানে অপরাজিত ইয়ানসেন। তার সঙ্গে আছেন স্পিনার সাইমন হার্মার।

বাংলাদেশের চার পেসারের সবাই উইকেট পেয়েছেন। এর মধ্যে খালেদা আহমেদ আর শরিফুল ইসলাম পেয়েছেন দুটি করে, তাসকিন আহমেদ আর এবাদত হোসেন পেয়েছেন একটি করে। এ ছাড়া তাওহীদ হৃদয় ১২ ওভার বল করে একটি উইকেট তুলে নিয়েছেন।

মজার বিষয়, একাদশে ফ্রন্টলাইন কোনো স্পিনার না থাকায় ইনিংসে সবচেয়ে বেশি ২৩ ওভার বল করেছেন পার্টটাইমার মুমিনুল হক। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেও বল হাতে তুলে নিয়েছিলেন। তবে তার এক ওভার থেকেই অ্যাকারম্যান ২০ রান তুলে নিলে তিনি আর বল করার সাহস পাননি।

৪০৩ রানে পিছিয়ে থেকে সেঞ্চুরিয়ানে তৃতীয় দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। ম্যাচে ফেরা কঠিন হলেও দলের লক্ষ্য নিশ্চয় থাকবে তৃতীয় দিন যত দ্রুতসম্ভব দক্ষিণ আফ্রিকার বাকি ৩টি উইকেট তুলে নেওয়া। তা না পারলে দক্ষিণ আফ্রিকা হয়তো ইয়ানসেনের শতক বা মধ্যাহ্নবিরতি পর্যন্ত ব্যাট করে ইনিংস ঘোষণা করবে। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কতদূর টেনে নিয়ে যেতে পারে, সেটিই দেখার বিষয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad