২৮ ছক্কায় ৫২ বলেই ডাবল সেঞ্চুরি, সূর্যবংশীর ব্যাটে মোবাইল গেমের ইনিংস বাস্তবে

ক্রীড়া ডেস্ক
একদিনের ম্যাচে ৫৩ বলে ২০৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস উপহার দিয়েছেন ভারতীয় বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত
একদিনের ম্যাচে ৫৩ বলে ২০৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস উপহার দিয়েছেন ভারতীয় বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে ১৫০, ৫২ বলেই ডাবল সেঞ্চুরি। ৫৩তম বল খেলতে গিয়ে আউট ২০৪ রানে। এই ৫৩ বলের মধ্যে ২৮টিই ছক্কা, সঙ্গে ৭টি বাউন্ডারিও। অর্থাৎ শুধু বাউন্ডারি-ওভার বাউন্ডারি থেকেই রান এসেছে ১৯৬!

ইএ স্পোর্টস বা অন্য কোনো মোবাইল ক্রিকেট গেমের ইনিংস মনে হচ্ছে? সংখ্যাগুলো দেখে তেমন মনে হলেও সেই মোবাইল গেমের ইনিংসকেই বাস্তবে রূপ দিয়েছেন ভারতের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী, যার মধ্য দিয়ে মাত্র ১৫ বছর বয়সী এই বিস্ময়বালকের হাত ধরে অবিশ্বাস্য এক স্কোরকার্ডের সাক্ষী হলো বিশ্বক্রিকেটে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কাতারের দোহাতে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ভারতের এ দলের হয়ে এমন অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন সূর্যবংশী। একই ইনিংসে ‘লিস্ট এ’ ক্রিকেটে দ্রুততম শতক, দ্রুততম ১৫০ আর দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন। লিস্ট এ ক্রিকেটে ১১ বলে দ্রুততম ফিফটির রেকর্ড আগে থেকেই দখলে রয়েছে তার!

এ দিন দোহায় সংযুক্ত আরব আমিরাতের বোলারদের ওপর দিয়ে রীতিমতো ভয়ংকরতম টর্নেডো বইয়ে দিয়েছেন সূর্যবংশী। এর সেই টর্নেডোর তোপে একের পর এক রেকর্ড জমা হয়েছে তার ঝুলিতে। এর মধ্যে কিছু রেকর্ড রীতিমতো তাকে অন্যদের থেকে এগিয়ে দিয়েছে যোজন যোজন ব্যবধানে।

লিস্ট এ ক্রিকেটে এর আগে ঘরোয়া লিগে ২৯ বলে শতক করেছিলেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ক। বৈভব সেটিকে আরও এক বল কমে নামিয়ে এনেছেন ২৮-এ।

দ্রুততম ১৫০ করার পথে সূর্যবংশী অবশ্য নিজের রেকর্ডই ভেঙেছেন নিজে, সেটিও বড় ব্যবধানে। গত বছর ঘরোয়া লিগে মাত্র ৫৯ বলে ১৫০ করেই হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এবারে সেই রেকর্ড নামিয়ে আনলেন মাত্র ৪০ বলে।

ডাবল সেঞ্চুরির ক্ষেত্রে সূর্যবংশী অন্যদের চেয়ে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন আরও অনেক বেশি। নিউজিল্যান্ডের ব্যাটার শাদ বোয়েস ঘরোয়া লিগে দ্বিশতক হাঁকিয়েছিলেন ১০৩ বলে। সূর্যবংশী এবার একে রীতিমতো নামিয়ে এনেছেন অর্ধেকে, দ্বিশতক পূরণ করেছেন মাত্র ৫২ বলে!

স্বীকৃত একদিনের ম্যাচে সেরা স্ট্রাইক রেটের শতাধিক রানের ইনিংস এতদিন ছিল দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডি ভিলিয়ার্সের দখলে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ১৪৯ করেছিলেন তিনি। তার ইনিংসের স্ট্রাইক রেট ছিল ৩৩৮.৬৩। সূর্যবংশী তাকেও পেছনে ফেলেছেন এই ইনিংসে, স্ট্রাইক রেট ৩৮৪.৯০, বলা যায় প্রায় ৪০০! অর্থাৎ গড়ে প্রতিবলেই বান্ডারি!

সবচেয়ে কম বয়সে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকানোর গৌরবও নিজের করে নিলেন সূর্যবংশী। রেকর্ডবই তছনছ করে দেওয়ার এই দিনে তার বয়স ১৫ বছর ২৪২ দিন। তার আগে ছেলেদের মধ্যে ভারতেরই যশস্বী জয়সওয়াল ১৭ বছর ২৯২ দিনে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তবে ছেলেমেয়ে মিলিয়ে রেকর্ডটি এতদিন ছিল নিউজিল্যান্ডের বর্তমান ওয়ানডে দলের ক্যাপ্টেন অ্যামেলিয়া কারের দখলে। ১৭ বছর ২৪৩ দিনে তিনি হাঁকিয়েছিলেন ডাবল সেঞ্চুরি।

একদিনের ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন এই ইনিংসের কল্যাণে সূর্যবংশীর দখলে। এর আগে অস্ট্রেলিয়ার ডি’আর্কি শর্ট ২০১৮ সালে ঘরোয়া লিগে ১৪৮ বলে ২৫৭ রানের ইনিংস খেলার পথে ২৩টি ছক্কা হাঁকিয়েছিলেন। সূর্যবংশী সেটাকে নিয়ে গেছেন ২৮ ছক্কায়। একটি জায়গায় অবশ্য শর্টের চেয়ে সামান্য পিঠিয়ে সূর্যবংশী। শর্ট ২৫৭ রানের ওই ইনিংসে বাউন্ডারি-ওভার বাউন্ডারি থেকে নিয়েছিলেন ১৯৮ রান, যা একদিনের ম্যাচে সর্বোচ্চ। আর সূর্যবংশী নিয়েছেন ১৯৬ রান, যা রয়েছে দ্বিতীয় স্থানে।

সূর্যবংশীর ব্যাটে ভর করে ভারতও অবিশ্বাস্য এক ব্যাটিং ইনিংস উপহার দিয়েছে। আরব আমিরাতের করা ২৪৯ রানের জবাবে ১০ ওভার শেষেই তাদের সংগ্রহ ছিল ১৫১ রান! আর ২৫৪ রান তুলে তারা ম্যাচ শেষ করেছে মাত্র ১৪ ওভার ২ বলে! রানরেট ১৭.৭২। কল্পনার ডানা মেললে দেখা যাবে— এই রানরেট ৫০ ওভার পর্যন্ত ধরে রাখলে এক ইনিংসেই রান আসবে ৮৮৬!

অবিশ্বাস্য, অকল্পনীয়, অতিমানবীয়, অপার্থিব— কোনো উপমা দিয়েই বৈভব সূর্যবংশীর এই ইনিংসকে বর্ণনা করা কঠিন। ১৬ বছর পূরণ হওয়ার আগেই বিশ্বক্রিকেটকে একের পর এক যেসব বিস্ময় উপহার দিয়ে চলেছেন তিনি, তাতে ভবিষ্যতে আরও রেকর্ডের পর রেকর্ড বৈভবের পায়ে লুটাবে, তা দেখার অপেক্ষাতেই আছেন ক্রিকেটপ্রেমীরা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad