ভারতে পাকিস্তানি নাটকের প্রদর্শনী বাতিল, সংস্কৃতি অঙ্গনে ‘রাজনৈতিক চাপ’

বিনোদন ডেস্ক
পাকিস্তানি সিরিয়াল ‘দার-এ-নিজাত’-এর পোস্টার। ছবি: সংগৃহীত
পাকিস্তানি সিরিয়াল ‘দার-এ-নিজাত’-এর পোস্টার। ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে পাকিস্তানি জনপ্রিয় টিভি সিরিজ ‘দার-এ-নিজাত’-এর দুটি বিশেষ প্রদর্শনী বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও পুলিশের নজরদারির মুখে আয়োজকেরা অনুষ্ঠান দুটি বাতিলের সিদ্ধান্ত নেন। ঘটনাটি দুই দেশের রাজনৈতিক বৈরিতার মধ্যে পাকিস্তানি বিনোদন অনুষ্ঠান নিয়ে ভারতে নতুন করে তৈরি হওয়া বিতর্ককে সামনে এনেছে।

পাকিস্তানের এআরওয়াই ডিজিটালে প্রচারিত নাটকটি ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে। তবে ভারতে সম্প্রচারমাধ্যমটির আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেল বন্ধ রয়েছে।

বেঙ্গালুরুর একটি রেস্তোরাঁয় আগামী শনিবার এ নাটকের একটি প্রদর্শনী আয়োজনের কথা ছিল। টিকিটের বিনিময়ে দর্শকদের দুটি পর্ব দেখানোর ব্যবস্থা রাখা হয়েছিল। অন্য প্রদর্শনীটি একটি ব্যক্তিগত প্রেক্ষাগৃহে পরিবারের সদস্যদের জন্য আয়োজনের পরিকল্পনা ছিল। সেখানে অতিথিদের পাকিস্তানি পোশাকে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল।

অনুষ্ঠানের প্রচারপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। কয়েকজন ব্যবহারকারী এমন আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং পুলিশের হস্তক্ষেপ দাবি করেন। এর পরই দুটি আয়োজন বাতিল করা হয়।

এদিকে নেটফ্লিক্সে আসন্ন আরেকটি পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ ভারতে সম্প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি উঠেছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে সিরিজটির মুক্তি ঠেকানোর দাবি জানিয়েছে।

ফাওয়াদ খান, মাহিরা খান ও সানাম সাঈদসহ পাকিস্তানের জনপ্রিয় অভিনয়শিল্পীরা এ সিরিজে অভিনয় করেছেন। আগামী ৪ ডিসেম্বর বিশ্ব জুড়ে সিরিজটির প্রিমিয়ার হওয়ার কথা। তবে ভারতে এটি দেখানো হবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্স এখনো স্পষ্ট করেনি।

এআইসিডব্লিউএর যুক্তি, সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনুভূতির প্রতি সম্মান দেখাতে ভারতে পাকিস্তানি বিনোদন অনুষ্ঠান প্রচার বন্ধ রাখা উচিত। সংগঠনটি পাকিস্তানি বিনোদন কনটেন্ট নিষিদ্ধ করতে স্থায়ী আইন প্রণয়নেরও দাবি জানিয়েছে।

ভারত-পাকিস্তানের সাংস্কৃতিক বিনিময় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সম্পর্কের ওঠানামার সঙ্গে জড়িত। ২০১০-এর দশকের শুরুর দিকে আতিফ আসলাম ও রাহাত ফতেহ আলী খানের মতো পাকিস্তানি শিল্পীরা বলিউডে নিয়মিত কাজ করেছেন। অন্যদিকে ২০১৪ সালে জি টিভির ‘জিন্দেগি’ চ্যানেলের মাধ্যমে ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে পাকিস্তানি নাটক। ফাওয়াদ খানও বলিউডের কয়েকটি আলোচিত ছবিতে অভিনয় করেন।

কিন্তু ২০১৬ সালে উরি ও ২০১৯ সালে পুলওয়ামায় হামলার পর সাংস্কৃতিক যোগাযোগ সংকুচিত হতে থাকে। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে শিল্পীদের অনুষ্ঠান, চলচ্চিত্র ও যৌথ কাজ বাধার মুখে পড়ে। পাকিস্তানও ভারতীয় বিনোদন কনটেন্টে বিধিনিষেধ আরোপ করে।

গত বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়। ভারত হামলার জন্য পাকিস্তান-সংশ্লিষ্ট জঙ্গিদের দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতি হয়।

এরপর ভারত সরকার স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। কয়েকজন পাকিস্তানি তারকার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টও ভারতে বন্ধ করা হয়। তবে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ইউটিউব ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি নাটক ও গান ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে।

‘দার-এ-নিজাত’-এর মতো পারিবারিক গল্পের নাটক সেই আগ্রহেরই উদাহরণ। বিয়ে, বিশ্বাসভঙ্গ ও পারিবারিক জীবনের গল্প নিয়ে নির্মিত সিরিজটির কেন্দ্রীয় চরিত্র আবু বকরের কোমল আচরণ দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

বেঙ্গালুরুর একটি প্রদর্শনীর আয়োজক জানান, তিনি অনুষ্ঠানটিকে ছোট পরিসরের পারিবারিক আয়োজন হিসেবেই পরিকল্পনা করেছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়ার পর বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হয়। পরিবারের সদস্যরা বাতিল না করার পরামর্শ দিলেও শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানটি বাতিল করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad