বাংলাদেশের হয়ে প্রথম হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন পিনু রহমান
-68b17e-480x270.webp)
আগুনে পুড়েছে কড়াইল বস্তি। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন হাজারও বস্তিবাসী। আগুন ঘরের চাল কেড়ে নিয়েছে, কিন্তু পরিবারের বন্ধন তো কেড়ে নিতে পারেনি। চালবিহীন আগুনে পোড়া চার দেয়ালের মাঝেই তাই কোনোমতে রাতযাপন পরিবারের পাঁচ সদস্যের। আগুনে নিঃস্ব হয়েও যেন ভালোবাসার বন্ধনে আবদ্ধ এক পরিবার।
কঠিনতম প্রতিকূলতার মধ্যেও ভালোবাসার গল্প বলেছেন শখের আলোকচিত্রী পিনু রহমান। তাতেই বাজিমাত। ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের আলোকচিত্রটি জিতে নিয়েছে হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) গ্র্যান্ড পুরস্কার। সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার এটিই সর্বোচ্চ পুরস্কার। এর আগেও বাংলাদেশ থেকে আলোকচিত্রীরা হিপা পুরস্কার পেলেও পিনু রহমানই প্রথম গ্র্যান্ড পুরস্কার জিতলেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুবাই ফিউচার মিউজিয়ামে এক জমকালো অনুষ্ঠানে বসেছিল দুবাই যুবরাজ প্রবর্তিত এই আলোকচিত্র পুরস্কারের ১৫তম আসর। সেখানেই ‘ফ্যামিলি’ (পরিবার) থিমে গ্র্যান্ড পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে পিনু রহমানের নাম, যা তার আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের তালিকায় সবশেষ সংযোজন।
-296c5f.jpg)
হিপা গ্র্যান্ড পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় পিনু রহমান দুবাই থেকেই রাজনীতি ডটকমকে বলেন, ‘মানুষের গল্প বলা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা— দুটিই আমার ভালোবাসার জায়গা। এত বড় একটি পুরস্কার পেয়েছি, সেটি নিশ্চয় আনন্দের। এর সঙ্গে দুবাইয়ের হিপা পুরস্কারের মঞ্চে লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করাটা আরও বেশি গর্বের।’
এবারের হিপা প্রতিযোগিতায় মূল থিম ‘ফ্যামিলি’র পাশাপাশি স্পোর্টস, পোর্টফোলিও, জেনারেল ও নতুন সংযোজিত ‘ড্রিমস থ্রু এআই’ বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।
পিনু রহমানের গ্র্যান্ড পুরস্কারজয়ী ছবি ‘আন্ডার দ্য সেম স্কাই’ প্রসঙ্গে হিপা অ্যাওয়ার্ডের বিচারকরা বলেন, পারিবারিক বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা ও আমিরাতের মূল্যবোধকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিস্তৃত ধারণা ছিল এবারের মূল থিমের বিষয়। পরিবারকে তুলে ধরার পাশাপাশি মানুষের সহনশীলতার মাত্রার এক চূড়ান্ত রূপ উঠে এসেছে পিনু রহমানের ছবিতে।
হিপা এ বছর পিনু রহমানের বড় ধরনের তৃতীয় আন্তর্জাতিক পুরস্কার। গত এপ্রিলে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী হন তিনি। গত মাসেই ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ প্রথম পুরস্কার জেতেন তিনি। একই আসরে সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে আরেকটি ছবির জন্য ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতি পান। গত বছরও রাশিয়ায় ফটো অলিম্পিয়াডে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।
-ed18b0.jpg)
আলোকচিত্রে দেশি-বিদেশি পুরস্কারে সমৃদ্ধ হলেও পিনু রহমান পেশায় ব্যাংকার। রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে কর্মরত তিনি। তার গ্রামের বাড়ি পিরোজপুর। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সপ্তাহ জুড়ে কাজ করে সপ্তাহান্তে বেরিয়ে পড়েন ছবির খোঁজে। তা দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি।
পিনু বলেন, ‘শখ থেকে ছবি তোলার শুরু হলেও এখন এটি নেশায় পরিণত হয়েছে। ক্যামেরার চোখ দিয়ে আরও বেশি বেশি মানুষের গল্প বলতে চাই। বাংলাদেশকে তুলে ধরতে চাই সব দেশের মানুষের সামনে।’
















