নড়াইল এক্সপ্রেসের পোড়াবাড়ি ও একটি মাছরাঙা

এম ডি মাসুদ খান
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৪: ০৫
নড়াইলে মাশরাফি বিন মুর্তজার বাড়ির গেট, গেটের পাশে ক্ষতিগ্রস্ত ম্যুরাল এবং বাড়ির সামনে পুকুরপাড়ে বাঁশের ওপর বসে থাকা একটি মাছরাঙা। ছবি: লেখকের সৌজন্যে
নড়াইলে মাশরাফি বিন মুর্তজার বাড়ির গেট, গেটের পাশে ক্ষতিগ্রস্ত ম্যুরাল এবং বাড়ির সামনে পুকুরপাড়ে বাঁশের ওপর বসে থাকা একটি মাছরাঙা। ছবি: লেখকের সৌজন্যে

পুকুরপাড়ে একটি বাঁশের ওপর বসে আছে মাছরাঙা। তার দৃষ্টি পুকুরের পানির দিকে। চারপাশে নীরবতা। পুকুরটি নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি বিন মুর্তজার বাড়ির ঠিক সামনে। একসময় যে বাড়িতে মানুষের আনাগোনা ছিল, ছিল জীবনের স্বাভাবিক ব্যস্ততা, আজ সেখানে নীরবতা ছাড়া আর কিছু নেই। বাড়িটি এখন তালাবদ্ধ। দেয়ালে আগুনের কালো দাগ, জানালাগুলো ভাঙা। একসময়কার পরিচিত বাড়িটি যেন নিজেরই স্মৃতির কাছে অপরিচিত হয়ে দাঁড়িয়ে আছে।

১৩ নভেম্বর ২০২৬। নড়াইলে গিয়ে দাঁড়িয়েছিলাম মাশরাফির সেই বাড়ির সামনে। বাড়িটির দিকে তাকিয়ে হঠাৎ চোখ আটকে গেল পুকুরপাড়ের বাঁশে বসে থাকা মাছরাঙাটির দিকে। অদ্ভুত এক অনুভূতি হলো। মনে হলো, পাখিটি হয়তো এই বাড়ির পুরোনো প্রতিবেশী। প্রতিদিনের মতো হয়তো আজও সে এখানে আসে। তার কাছে হয়তো বাড়িটির কোনো পরিবর্তন নেই, কিংবা পরিবর্তনগুলো তার কাছে কেবলই অচেনা এক নীরবতা।

ভাবতে ভালো লাগল, মাছরাঙাটি হয়তো এখনো অপেক্ষা করছে নড়াইল এক্সপ্রেসের। হয়তো তার ছোট্ট জগতে মাশরাফি এখনো এই বাড়িরই বাসিন্দা। একদিন আবার ফিরে আসবেন, বাড়ির চারপাশে ফিরে আসবে মানুষের কণ্ঠস্বর, পরিচিত ব্যস্ততা। পুকুরপাড়ের বাঁশে বসে মাছরাঙাটিও হয়তো আগের মতোই দেখবে তার পরিচিত প্রতিবেশীকে।

কিন্তু বাস্তবতা বড় নির্মম।

২০২৪ সালের ৫ আগস্ট বাড়িটিতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হয় বাড়ির বিভিন্ন স্থাপনা। মাশরাফির দীর্ঘ ক্রিকেটজীবনের অর্জিত মেডেল, ট্রফি ও মূল্যবান স্মারকও রক্ষা পায়নি। একজন ক্রিকেটারের কাছে এসব কেবল কিছু পুরস্কার নয়; প্রতিটি স্মারকের সঙ্গে জড়িয়ে থাকে দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ, সংগ্রাম, সাফল্য এবং অসংখ্য স্মৃতি। সেসব স্মারক ধ্বংস হওয়ার অর্থ শুধু কিছু বস্তু হারিয়ে যাওয়া নয়, একজন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতিও ক্ষতিগ্রস্ত হওয়া।

সেদিন বাড়িটিতে যখন আগুন জ্বলছিল, জানালা ভাঙা হচ্ছিল, ঘরের জিনিসপত্র লুটপাট করা হচ্ছিল, তখন হয়তো এই মাছরাঙাটিও পুকুরের কোনো এক বাঁশে বসে ছিল। মানুষের সেই উন্মত্ততা, একটি বাড়ির বিপর্যয়, স্মৃতির ওপর আঘাত— সবকিছু হয়তো তার চোখের সামনেই ঘটেছিল। অবশ্য এসবই আমার কল্পনা। পাখিটি কী দেখেছিল, কী বুঝেছিল, তা জানার কোনো উপায় নেই। তবু তাকে দেখে মনে হচ্ছিল, সে যেন এই বাড়ির পরিবর্তিত সময়ের এক নীরব সাক্ষী।

মাশরাফি বিন মুর্তজাকে আমি ব্যক্তি হিসেবে একটু অন্যভাবে অনুভব করি। ক্রিকেট মাঠের অধিনায়ক কিংবা নড়াইল এক্সপ্রেসের পরিচয়ের বাইরেও তার প্রতি আমার আলাদা এক ধরনের অনুভূতি ও শ্রদ্ধা রয়েছে। তার ক্রিকেটজীবনের লড়াই, বারবার ফিরে আসার গল্প এবং বাংলাদেশের ক্রিকেটে তার অবদান আমাকে সব সময় আকৃষ্ট করেছে। মানুষের রাজনৈতিক অবস্থান কিংবা মতপার্থক্য থাকতে পারে; কিন্তু একজন মানুষের জীবনের অর্জন, শ্রম ও স্মৃতির প্রতি সম্মান থাকা জরুরি।

এই বাড়ির সঙ্গে আমারও একটি ছোট্ট স্মৃতি জড়িয়ে আছে। ২০২৪ সালের শুরুর দিকে একবার অতিথি হিসেবে বাড়িটির ভেতরে যাওয়ার সুযোগ হয়েছিল। তখন বাড়িটিকে দেখেছিলাম সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে। একটি বসতবাড়ির স্বাভাবিক আবহ, পরিচিত মানুষের উপস্থিতি— সব মিলিয়ে সেটি ছিল জীবন্ত একটি ঠিকানা।

অথচ দুই বছরেরও অধিক সময় পর সেই একই বাড়ির সামনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশের সুযোগ হলো না। বাড়িটি এখন তালাবদ্ধ। যতটুকু দেখা যায়, পুরো বাড়ির দেয়ালে আগুনের কালো দাগ। জানালাগুলো ভাঙা। দেয়াল ও গেটে থাকা নড়াইল এক্সপ্রেসের তিনটি ছবিও খুঁচিয়ে খুঁচিয়ে বিকৃত করে দেওয়া হয়েছে। ছবিগুলোর দিকে তাকিয়ে মনে হলো, সময় শুধু বাড়িটির চেহারাই বদলে দেয়নি, মুছে দেওয়ার চেষ্টা করেছে পরিচিত কিছু স্মৃতিও।

একসময় যে বাড়িতে একজন মানুষের জীবনের নানা অর্জনের গল্প ছিল, আজ সেখানে ধ্বংসের চিহ্ন। যে দেয়ালে তার পরিচয় ও গৌরবের স্মৃতি থাকার কথা, সেখানে এখন ক্ষতচিহ্ন। সময়ের ব্যবধানে একটি বাড়ি কতটা বদলে যেতে পারে, সেদিন নিজের চোখে তার সাক্ষী হলাম।

তবু আমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে সেই মাছরাঙাটি।

বাড়ির সামনে পুকুরটি এখনো আছে। পুকুরপাড়ে বাঁশটিও আছে। মাছরাঙাটিও বসে আছে নিজের মতো করে। মানুষের পৃথিবীতে কত কিছু বদলে যায়, কত সম্পর্কের সমীকরণ পাল্টে যায়, কত পরিচিত ঠিকানা একসময় অপরিচিত হয়ে ওঠে। অথচ প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলতে থাকে। পুকুরে পানি থাকে, বাঁশের ওপর পাখি বসে, সময় বয়ে যায়।

আমরা মানুষ, স্মৃতি নিয়ে বাঁচি। কোনো বাড়ি আমাদের কাছে শুধু ইট, বালু, সিমেন্ট আর কাঠের সমষ্টি নয়। তার সঙ্গে জড়িয়ে থাকে পরিচিত মুখ, জীবনের গল্প, আনন্দ-বেদনা, অর্জন ও অসংখ্য মুহূর্ত। একটি বাড়ি পুড়িয়ে দেওয়া যায়, জানালা ভেঙে ফেলা যায়, মেডেল-ট্রফি নষ্ট করা যায়; কিন্তু একজন মানুষের জীবনের অর্জন, ইতিহাস ও মানুষের হৃদয়ে থাকা স্মৃতিগুলো কি এত সহজে মুছে ফেলা যায়?

ফেরার সময়ও মাছরাঙাটির কথা মনে হচ্ছিল। কে জানে, আগামীকালও হয়তো সে একই বাঁশের ওপর এসে বসবে। পুকুরের পানিতে চোখ রাখবে, মাঝেমধ্যে মুখ তুলে বাড়িটির দিকে তাকাবে। হয়তো তার কাছে এই বাড়ি এখনো আগের মতোই পরিচিত। হয়তো তার কোনো অপেক্ষা নেই, কিংবা আছে— যার ভাষা আমরা বুঝি না।

তবে ১৩ নভেম্বরের সেই দুপুরে পুকুরপাড়ের বাঁশে বসে থাকা মাছরাঙাটিকে দেখে মনে হয়েছিল, নড়াইল এক্সপ্রেসের জন্য হয়তো এখনো কেউ একজন অপেক্ষা করে আছে— নীরবে, নিঃশব্দে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad