ভ্যান গগের ১৮৯০ সালে আঁকা চিত্রকর্ম রেকর্ড ২৩৬৬ কোটি টাকায় বিক্রি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৩: ০৪
অস্ট্রেলীয় চিত্রশিল্পী জন পিটার রাসেলের আঁকা তার ঘনিষ্ঠ বন্ধু ও বিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের প্রতিকৃতি (বাঁয়ে) এবং ভ্যান গগের আঁকা রেকর্ড দামে বিক্রি হওয়া ‘শাতানিয়ে আঁ ফ্লর’ (ডানে)। ছবি: সংগৃহীত
অস্ট্রেলীয় চিত্রশিল্পী জন পিটার রাসেলের আঁকা তার ঘনিষ্ঠ বন্ধু ও বিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের প্রতিকৃতি (বাঁয়ে) এবং ভ্যান গগের আঁকা রেকর্ড দামে বিক্রি হওয়া ‘শাতানিয়ে আঁ ফ্লর’ (ডানে)। ছবি: সংগৃহীত

১৮৯০ সালে আঁকা একটি চিত্রকর্ম, বয়স ১৩৬ বছর। ক্যানভাসে রং-তুলির সেই শৈল্পিক কাজের দাম উঠল ১৯ কোটি ৪ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৩৬৬ কোটি টাকা।

বিশ্বখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের আঁকা ‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাট গাছে ফুল) নামের ছবিটি বুধবার নিউইয়র্কে সোথবি’স নিলামঘরে বিক্রি হয়েছে। এর মধ্য দিয়ে নিলামে ভ্যান গগের কোনো চিত্রকর্মের সর্বোচ্চ বিক্রয়মূল্যের রেকর্ড গড়েছে এটি।

ছবিটি কিনেছেন শিল্প ব্যবসায়ী ও অ্যাকুয়াভেলা গ্যালারির প্রধান উইলিয়াম অ্যাকুয়াভেলা। চলতি মৌসুমে নিলামে বিক্রি হওয়া শিল্পকর্মগুলোর মধ্যে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ দাম পেয়েছে।

এর আগে ভ্যান গগের কোনো চিত্রকর্মের সর্বোচ্চ নিলামমূল্যের রেকর্ড ছিল ‘অরচার্ড উইথ সাইপ্রেসেসে’র দখলে। ২০২২ সালের নভেম্বরে নিউইয়র্কের ক্রিস্টিস নিলামঘরে ছবিটি ১১ কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়েছিল। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেল ‘শাতানিয়ে আঁ ফ্লর’।

১৮৯০ সালের ২৪ মে ফ্রান্সের অভের-সুর-ওয়াজ এলাকায় ছবিটি এঁকেছিলেন ভ্যান গগ। এর ইংরেজি নাম ‘চেস্টনাট ট্রিজ ইন ব্লসম’। শিল্পকর্মটির সঙ্গে জড়িয়ে আছে মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ। নাৎসি শাসনামলে জার্মানির এক ইহুদি পরিবার ছবিটি বিক্রি করেছিল। তবে সেই বিক্রি স্বেচ্ছায়, নাকি নাৎসি নিপীড়নের চাপে— তা নিয়েই বিরোধের সূত্রপাত।

মালিকানা নিয়ে বিতর্ক

ভ্যান গগের মৃত্যুর পর চিত্রকর্মটি তার ভাই থিও ভ্যান গগের কাছে যায়। থিওর মৃত্যুর পর তার স্ত্রী ইয়োহানা ভ্যান গগ-বঙ্গার ও ছেলে ভিনসেন্ট উইলেম ভ্যান গগ উত্তরাধিকারসূত্রে ছবিটির মালিক হন।

১৯০৫ সালের সেপ্টেম্বরে বার্লিনের শিল্প ব্যবসায়ী পল ক্যাসিরার ভ্যান গগ পরিবারের কাছ থেকে ছবিটি কেনেন। পরের বছর এটি কেনেন ফ্রান্সের প্রিন্স আলেকজান্দ্রে বেরথিয়ের দ্য ওয়াগ্রাম। এরপর প্যারিসের গ্যালারি দ্রুয়ের মাধ্যমে এটি শিল্পসংগ্রাহক গুস্তাভ ফায়ের কাছে যায়। ১৯০৯ সালের জানুয়ারিতে ফায়ে ছবিটি বার্নহেইম-জ্যুন গ্যালারির কাছে দেন। ওই বছরই সেখান থেকে এটি কেনেন জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশার।

১৯৩৪ সালে ফিশারের মৃত্যুর পর তার স্ত্রী হেডউইগ ফিশার উত্তরাধিকারসূত্রে চিত্রকর্মটির মালিক হন। পরে ১৯৩৬ সালে তাদের মেয়ে ব্রিজিট ও জামাতা গটফ্রিড বারমান-ফিশারের পক্ষ থেকে আমস্টারডামের শিল্প ব্যবসায়ী পল ক্যাসিরারের মাধ্যমে এটি কেনেন প্যারিসের সংগ্রাহক হেনরিয়েট ও মার্সেল কাপফেরার। ১৯৩২ বা ১৯৩৩ সাল থেকেই ছবিটি আমস্টারডামে ক্যাসিরারের কাছে রাখা ছিল।

ফিশার পরিবারের উত্তরাধিকারীদের দাবি, নাৎসি শাসনামলে ইহুদিদের ওপর নিপীড়ন এবং তাদের প্রকাশনা ব্যবসার আর্থিক ক্ষতির কারণে পরিবারটি চিত্রকর্মটি বিক্রি করতে বাধ্য হয়েছিল। তবে সোথবি’সের আগের অনুসন্ধানে এটি জোরপূর্বক বিক্রির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছিল নিলাম প্রতিষ্ঠানটি।

১৯৩৯ সালে চিত্রকর্মটি নিউইয়র্কের ওয়াইল্ডেনস্টাইন অ্যান্ড কোম্পানির কাছে রাখা হয়। ১৯৪৫ সালে প্রতিষ্ঠানটির কাছ থেকে এটি কেনেন মার্কিন সংগীত প্রযোজক জর্জ ‘বাডি’ গার্ড ডি সিলভা ও তার স্ত্রী। পরে ১৯৫৩ সালের মধ্যে চিত্রকর্মটি নিউইয়র্কের সংগ্রাহক হ্যারিয়েট হ্যারিস-জোনাসের মালিকানায় যায়।

১৯৭৪ সালে হ্যারিয়েটের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা ছবিটি ওয়াইল্ডেনস্টাইন অ্যান্ড কোম্পানির মাধ্যমে বিক্রির জন্য দেন। পরের বছর সেখান থেকে এটি কিনে নেন আর্জেন্টিনার ব্লাকিয়ের-আরিয়েতা পরিবার। এরপর পাঁচ দশকের বেশি সময় ধরে চিত্রকর্মটি তাদের সংগ্রহে ছিল।

নিলামের আগে ফিশার পরিবারের আইনজীবী গুনার শ্নাবেল সোথবি’সের কাছে জানতে চেয়েছিলেন, ১৯৩৬ সালে চিত্রকর্মটি প্রকৃত বাজারমূল্যে বিক্রি হয়েছিল কি না এবং রাজনৈতিক নিপীড়নের পরিস্থিতি না থাকলেও পরিবারটি সেটি বিক্রি করত কি না। তিনি নিলাম স্থগিতেরও দাবি জানিয়েছিলেন।

তবে নিলামের আগের দিন ফিশার পরিবারের উত্তরাধিকারী ও বর্তমান মালিক ব্লাকিয়ের-আরিয়েতা পরিবারের মধ্যে সমঝোতা হয়। সোথবি’স জানায়, ছবিটির নাৎসি আমলের জটিল ইতিহাস এবং হলোকাস্টের সময় ফিশার পরিবারের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছে। সমঝোতার শর্ত প্রকাশ করা হয়নি।

ফিশার পরিবারের আইনজীবীর মতে, নাৎসি নিপীড়নের শিকার অন্য পরিবারগুলোর জন্য এই সমঝোতা উৎসাহব্যঞ্জক হতে পারে। একদিকে রেকর্ড দামে বিক্রি, অন্যদিকে মালিকানা নিয়ে ঐতিহাসিক বিরোধ— সব মিলিয়ে ভ্যান গগের এই চিত্রকর্মের নিলাম শিল্পবাজারের পাশাপাশি ইতিহাসের একটি জটিল অধ্যায়ও সামনে এনেছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, নিউইয়র্ক পোস্ট, এপি ও সোথবি’সের নিলাম ক্যাটালগ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad