নেটফ্লিক্সের পাকিস্তানি সিরিজ ভারতে নিষিদ্ধের দাবি বলিউড কর্মীদের

বিনোদন ডেস্ক
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ সিরিজের পোস্টার। ছবি: সংগৃহীত
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ সিরিজের পোস্টার। ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা পাকিস্তানের একটি সিরিজ ভারতে সম্প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বলিউডের চলচ্চিত্র কর্মীদের সংগঠন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। এ দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেটফ্লিক্স ইন্ডিয়ার কাছে চিঠি পাঠিয়েছে সংগঠনটি। একই সঙ্গে পাকিস্তানের কোনো চলচ্চিত্র, সিরিজ, গান বা বিনোদনমূলক অনুষ্ঠান ভারতে প্রচার বন্ধে স্থায়ী আইন প্রণয়নেরও দাবি জানিয়েছে তারা।

ভারতীয় গণমাধ্যমগুলো বুধবার (২৫ নভেম্বর) এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, বিতর্কের কেন্দ্রে রয়েছে পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’।

সিরিজটিতে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ ও হানিয়া আমিরসহ অনেকে। আগামী ৪ ডিসেম্বর সিরিজটির প্রথম পর্ব নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০২৩ সাল থেকে এটির নির্মাণকাজ চলছিল।

এআইসিডব্লিউএ তাদের চিঠিতে বলেছে, পাকিস্তানের কোনো মুখ, কণ্ঠ বা গল্পের ভারতীয় পর্দায় জায়গা থাকা উচিত নয়। সংগঠনটির দাবি, পাকিস্তানি শিল্পী ও বিনোদন কর্মীরা ভারতবিরোধী অবস্থান নিয়েছেন। তাই তাদের কাজ ভারতের দর্শকদের সামনে তুলে ধরা উচিত নয়।

সংগঠনটি শুধু নেটফ্লিক্সের ওই সিরিজটি নিষিদ্ধ করার দাবি জানায়নি, ভবিষ্যতে সব ধরনের পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্ট প্রচার বন্ধে কঠোর ও স্থায়ী আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে। নেটফ্লিক্স ইন্ডিয়া এবং অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের কাছেও পাকিস্তানি কনটেন্ট প্রচার না করার দাবি জানিয়েছে তারা।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত নেটফ্লিক্স কিংবা ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রভাব দীর্ঘদিন ধরেই দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে পড়ছে। বিশেষ করে ভারতীয় কাশ্মীরে হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা এবং তাঁদের চলচ্চিত্র-সিরিজ প্রদর্শন নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।

গত বছর ভারতীয় কাশ্মীরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক সংঘাতের একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে আসছে।

এ পরিস্থিতিতে পাকিস্তানি সিরিজটি ভারতে মুক্তি পাওয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে সংগঠনটির দাবি সত্ত্বেও সিরিজটির নির্ধারিত মুক্তির তারিখ পরিবর্তন বা ভারতে প্রচার বন্ধের বিষয়ে নেটফ্লিক্সের কোনো সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad