গত ১৮ অক্টোবর বিএনপি সরকারের মন্ত্রিসভা আবদুল গণি রোড থেকে সচিবালয়ের কার্যালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। লক্ষ্য হচ্ছে, ২০২৯ সালের মধ্যে নতুন স্থানে অফিসের কার্যক্রম শুরু করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের এ সিদ্ধান্তের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ সচেতন নাগরিক সমাজ ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
গত ২৭ অক্টোবর প্রস্তাবিত স্থানে মাটি পরীক্ষার উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। এ সময় তারা সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও গাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নেন। পরদিন ‘গবেষণার মাঠ ফেরত চাই, সচিবালয় নয়’ স্লোগান নিয়ে শিক্ষার্থীরা পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রবেশ করেন। সেখানে নির্মাণাধীন এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার ফটক ও অবকাঠামো ভাঙচুরের ঘটনাও ঘটে। ২৯ অক্টোবর সচিবালয় নির্মাণের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো চীন-মৈত্রী সিগন্যালে সড়ক অবরোধ করেন শেকৃবির শিক্ষার্থীরা।
সরকার বিষয়টিকে আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলেও মূল সংকটটি সঠিক পরিকল্পনা ও অংশীজনদের সঙ্গে আলোচনার অভাব। প্রশ্ন হচ্ছে, প্রকল্পটির লাভ-ক্ষতির যথাযথ হিসাব কি করা হয়েছে? বড় কোনো প্রকল্পের প্রয়োজনীয়তা মূল্যায়নে সংশ্লিষ্ট এলাকার ইতিহাস, বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব, গবেষণার প্রয়োজনীয়তা এবং দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা উপেক্ষা করা যায় না।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এ দেশের কৃষি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। ইতিহাস অনুযায়ী, তৎকালীন মণিপুরের রাজা এখানে ১১২ একর জমিতে একটি কৃষি খামার গড়ে তোলেন। খামারে কাজের জন্য কিছু লোককে ঢাকায় নিয়ে এসে মণিপুরী পাড়ায় বসবাসের ব্যবস্থা করা হয়। পরবর্তী সময়ে এই খামারকে কেন্দ্র করে ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল দক্ষ কৃষিবিদ তৈরি এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা।
প্রতিষ্ঠাকালে প্রায় ২৯৮ একর জমি বরাদ্দ বা অধিগ্রহণ করা হলেও বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় প্রয়োজনে এর বড় অংশ অন্যান্য সংস্থাকে দেওয়া হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ব্যবহারযোগ্য জমির পরিমাণ ৮৭ একরেরও নিচে। আশির দশকে গবেষণাপ্লট ও খামারের একটি বড় অংশ অধিগ্রহণ করে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ হিসেবে ব্যবহার করা হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে গবেষণা ও ব্যবহারিক শিক্ষার জন্য প্রয়োজনীয় জমির সংকটে ভুগছেন।
২০২২ সালে বাণিজ্য মেলা পূর্বাচলে স্থানান্তরিত হলে বিশ্ববিদ্যালয় পরিবার আশা করেছিল, ঐতিহাসিক মাঠটি আবার গবেষণা ও শিক্ষা কার্যক্রমের জন্য ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু সেখানে সচিবালয় নির্মাণের পরিকল্পনা সামনে আসায় নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানান্তরের পুরোনো পরিকল্পনা ও নতুন প্রশ্ন
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নতুন নয়। ২০০৯ সালের পর আওয়ামী লীগ সরকার এ বিষয়ে উদ্যোগ নিয়েছিল। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় দুই হাজার কোটি টাকা। কিন্তু ২০২২ সালে গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নিরাপত্তা ও পরিবেশগত বিবেচনায় পরিকল্পনাটি স্থগিত করা হয়েছে। গণভবনের নৈকট্য এবং গোয়েন্দা সংস্থাগুলোর আপত্তিও এর কারণ ছিল। ভবিষ্যতে পূর্বাচলকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করার কথাও বলা হয়েছিল। এর আগে লুই কানের মূল নকশা সংযুক্ত না থাকায় একনেক প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিল।
রাজনৈতিক বাস্তবতা বদলাতে পারে, কিন্তু ভূগোল ও পরিবেশগত বাস্তবতা বদলায় না। যে আপত্তিগুলো একসময় প্রকল্প স্থগিতের কারণ হয়েছিল, সেগুলো এখন কেন গুরুত্বহীন—সরকারকে তার ব্যাখ্যা দিতে হবে। লুই কানের নকশাও অপরিবর্তনীয় বিধান নয়; সেটি তৈরি হয়েছিল ভিন্ন জনসংখ্যা ও যানবাহনের বাস্তবতায়। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিবের মতে, নকশা পথ দেখাতে পারে, স্থান নির্ধারণ করে দিতে পারে না।
প্রকল্পের সুবিধা ও ব্যয়ের হিসাব
বর্তমান সচিবালয় যে অপ্রতুল, তা অস্বীকার করার সুযোগ নেই। ১৭ দশমিক ৫৭ একরের চত্বরে ১৩টি ভবন রয়েছে, যার আটটি স্বাধীনতার আগে নির্মিত। ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে প্রায় ৩৮টি সচিবালয়ে কার্যক্রম পরিচালনা করে; বাকিগুলো বিভিন্ন স্থানে রয়েছে। ফলে স্থানসংকট, নিরাপত্তাঝুঁকি ও সমন্বয়ের অভাব দূর করতে সচিবালয় সম্প্রসারণ বা স্থানান্তরের প্রয়োজনীয়তা রয়েছে।
সব দপ্তর এক জায়গায় হলে প্রশাসনিক সমন্বয় সহজ হবে, সময় বাঁচবে এবং ভাড়া করা ভবনের ব্যয় কমতে পারে। আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশন থাকায় যোগাযোগের সুবিধাও রয়েছে। সরকার বলছে, প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ সবুজ ও জলাশয়ের জন্য রাখা হবে। এসব ইতিবাচক দিক বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তবে নকশা অনুযায়ী, পুরোনো বাণিজ্য মেলার প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে তিনটি বেজমেন্টসহ ১২ তলার ১৪টি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা। এর সঙ্গে নতুন সড়ক নির্মাণের ব্যয়ও যুক্ত হবে। এত বড় বিনিয়োগের ক্ষেত্রে বিকল্প স্থানে প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা, ব্যয়-সুবিধা এবং সুযোগ ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণ জরুরি। কিন্তু এসব সমীক্ষার ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি উন্মুক্ত সবুজ মাঠের প্রায় ৭০ শতাংশ ভবন ও পাকা অবকাঠামোর দখলে চলে যাবে। শেকৃবির এক শিক্ষকের আশঙ্কা, দুটি নান্দনিক এলাকার মাঝখানে বিশাল কংক্রিটের কাঠামো নির্মিত হলে পরিবেশের ভারসাম্য, জীববৈচিত্র্য ও শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। বৃষ্টির পানি নিষ্কাশন, নগর-তাপদ্বীপ ও বায়ুদূষণের ওপর প্রভাব বিবেচনায় পূর্ণাঙ্গ পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং গণশুনানি প্রয়োজন। জনগণের করের অর্থ ব্যয়ের আগে এসব তথ্য প্রকাশ করা সরকারের দায়িত্ব।
গবেষণা ও খাদ্যনিরাপত্তার প্রশ্ন
আধুনিক কৃষিশিক্ষার জন্য মাঠ, খামার ও প্রাকৃতিক জলাশয়ে হাতে-কলমে শিক্ষা এবং পরীক্ষামূলক গবেষণার বিকল্প নেই। ফসলের নতুন জাত উদ্ভাবন ও কার্যকারিতা যাচাই, মাটির গুণাগুণ বিশ্লেষণ, সেচ ব্যবস্থাপনা, সার প্রয়োগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পর্যাপ্ত গবেষণাজমি অপরিহার্য।
একইভাবে ‘ওয়ান হেলথ’ বা এক স্বাস্থ্য ধারণা অনুযায়ী মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য পরস্পর সম্পর্কিত। প্রাণিসম্পদ উৎপাদন, দুগ্ধবিজ্ঞান, গবাদিপশুর রোগ ব্যবস্থাপনা ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় খামার ও গবেষণার সুযোগ বজায় রাখা জরুরি। শেকৃবির গবেষণা অবকাঠামো আরও সংকুচিত হলে তা জাতীয় খাদ্য ও পুষ্টিনিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শিক্ষার্থীদের দাবি, প্রস্তাবিত মাঠটি মূলত বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে ব্যবহৃত হতো। জমির মালিকানা নিয়ে এ বিরোধ শুধু প্রশাসনিক বক্তব্য দিয়ে মীমাংসা করা সম্ভব নয়। প্রয়োজন দলিলপত্র যাচাই, সংশ্লিষ্ট পক্ষের শুনানি এবং স্বচ্ছ আলোচনা। আন্দোলনের সময় যন্ত্রপাতি ও গাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া কিংবা অবকাঠামো ভাঙচুরের ঘটনাও সমর্থনযোগ্য নয়। তবে এসব ঘটনার পেছনে সিদ্ধান্ত গ্রহণের আগে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যথাযথ আলোচনা না করার বিষয়টিও বিবেচনায় নেওয়া জরুরি। এতে সরকারের প্রতি আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সমাধানে করণীয়
বর্তমান পরিস্থিতির দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে—
১. জমির মালিকানা ও প্রশাসনিক নথি প্রকাশ: প্রস্তাবিত জমির মালিকানা, পূর্ববর্তী বরাদ্দ এবং সংশ্লিষ্ট সরকারি সিদ্ধান্তের দলিল জনসমক্ষে প্রকাশ করতে হবে।
২. বিকল্প স্থান বিবেচনা: শেকৃবির গবেষণার জমি সংকুচিত না করে ঢাকার আশপাশের খাসজমি কিংবা পূর্বাচলসহ অন্যান্য সম্ভাব্য স্থান বিবেচনা করতে হবে।
৩. অংশীজনদের সঙ্গে আলোচনা: বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষক, পরিবেশবিদ ও সরকারের নীতিনির্ধারকদের নিয়ে সরাসরি আলোচনা করতে হবে। সংঘাত ও বলপ্রয়োগের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে সমাধান খুঁজতে হবে।
৪. স্বাধীন সম্ভাব্যতা সমীক্ষা: প্রকল্পের ব্যয়-সুবিধা, সুযোগ ব্যয়, যানজট, পরিবেশগত প্রভাব ও বিকল্প স্থানগুলোর তুলনামূলক বিশ্লেষণ করে সমীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।
৫. গবেষণার জমির নিশ্চয়তা: শেকৃবির জমির মালিকানা ও ব্যবহারসংক্রান্ত বিরোধ দলিলপত্রের ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় গবেষণাজমি নিশ্চিত করতে হবে।
৬. গণশুনানি আয়োজন: চূড়ান্ত সিদ্ধান্ত ও ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ, শিক্ষাবিদ ও অন্যান্য অংশীজনকে নিয়ে গণশুনানির আয়োজন করতে হবে।
সচিবালয়ের জন্য উপযুক্ত ও আধুনিক কর্মপরিবেশ নিশ্চিত করা অবশ্যই সরকারের দায়িত্ব। কিন্তু সেই প্রয়োজন পূরণ করতে গিয়ে একটি ঐতিহ্যবাহী কৃষিশিক্ষা প্রতিষ্ঠানের গবেষণার সুযোগ সংকুচিত করা কতটা যুক্তিযুক্ত, তা ভেবে দেখা জরুরি। উন্নয়ন মানে শুধু নতুন ভবন নির্মাণ নয়; বরং বিদ্যমান শিক্ষা, গবেষণা, পরিবেশ ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করা। তাই প্রশ্নটি সচিবালয় নির্মাণের বিরোধিতা নয়, বরং কোথায়, কীভাবে এবং কতটা ব্যয়সাশ্রয়ী ও জনকল্যাণকর উপায়ে এটি নির্মাণ করা উচিত।
লেখক: গবেষক ও অর্থনীতির অধ্যাপক
















