বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের দুর্বল ঋণ মূল্যায়ন, সুশাসনের ঘাটতি, রাজনৈতিক ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপ, ঋণ অনুমোদনে অনিয়ম এবং দীর্ঘসূত্রতাপূর্ণ ঋণ আদায় ব্যবস্থার কারণে খেলাপি ও অন্যান্য সমস্যাগ্রস্ত সম্পদের পরিমাণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ২০২৫ সালের শেষে এসব সংকটাপন্ন সম্পদের পরিমাণ ছিল প্রায় ১০ দশমিক ৯২ লাখ কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় ৬০ শতাংশ।
বিপুল পরিমাণ সমস্যাগ্রস্ত সম্পদ ব্যাংকের স্থিতিপত্রে আটকে থাকায় শুধু মুনাফাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না; এর নেতিবাচক প্রভাব পড়ছে তারল্য, ঋণক্ষতির বিপরীতে সংস্থান সংরক্ষণ, মূলধন পর্যাপ্ততা, নতুন ঋণ বিতরণ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপরও। প্রচলিত পুনঃতফসিল, পুনর্গঠন ও এককালীন নিষ্পত্তির মতো নীতিগত সুবিধা ব্যাংকিং খাতে জমে থাকা বিপুল খেলাপি ঋণের পরিমাণ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তাই এখন সময় এসেছে সমস্যাগ্রস্ত সম্পদকে প্রস্তাবিত ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট-ডিএএমইউ এর মতো বিশেষায়িত ও পেশাদার ব্যবস্থাপনা কাঠামোর আওতায় নিয়ে আসার।
ব্যাংকিং খাতের বর্তমান বাস্তবতা
বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন অনুযায়ী, দেশের ব্যাংকিং খাতের মোট ঋণের পরিমাণ ছিল প্রায় ১৮ দশমিক ২১ লাখ কোটি টাকা। এর মধ্যে প্রায় ১০ দশমিক ৯২ লাখ কোটি টাকা, অর্থাৎ মোট ঋণের প্রায় ৬০ শতাংশ, খেলাপি ঋণসহ বিভিন্ন ধরনের সংকটাপন্ন সম্পদ হিসেবে চিহ্নিত হয়েছে।
এই সংকটাপন্ন সম্পদের মধ্যে রয়েছে খেলাপি ঋণ, পুনঃতফসিলকৃত ঋণ, অবলোপনকৃত ঋণ এবং আদালতের স্থগিতাদেশের আওতায় থাকা ঋণ।
অন্যদিকে, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ দশমিক ০৭ লাখ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে এটি অত্যন্ত উদ্বেগজনক। দেশের ব্যাংকিং খাত যে গভীর সম্পদের গুণগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এই পরিসংখ্যান তারই প্রতিফলন।
সংকটের পেছনে দীর্ঘদিনের দুর্বলতা
ব্যাংকিং খাতের বর্তমান সংকট হঠাৎ সৃষ্টি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের দুর্বল ঋণ মূল্যায়ন, ঋণ অনুমোদনে অনিয়ম, সুশাসনের অভাব, প্রভাবশালী ঋণগ্রহীতাদের বিশেষ সুবিধা দেওয়ার প্রবণতা এবং ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপের ঘাটতি।
বিদ্যমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজের নির্বাহী পরিচালক ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. মিজানুর রহমান উল্লেখ করেছেন, রাজনৈতিক ছত্রচ্ছায়া ও প্রত্যক্ষ প্রশ্রয়ে এক শ্রেণির প্রভাবশালী ব্যবসায়ী ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকও বিভিন্ন সময়ে এসব ঋণের ক্ষেত্রে পুনঃতফসিল, পুনর্গঠনসহ নানা নীতিগত সুবিধা দিয়েছে। এর ফলে ঋণ নিয়ে তা পরিশোধ না করার একটি নেতিবাচক সংস্কৃতি তৈরি হয়েছে।
এই সংকট মোকাবিলায় তাই শুধু নতুন নীতিগত সুবিধা ঘোষণা নয়, বরং ঋণ আদায়ের কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
প্রচলিত ব্যবস্থায় কেন কাঙ্ক্ষিত ফল আসছে না
ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ খেলাপি ঋণ কমাতে এবং অর্থনীতিতে ঋণপ্রবাহ সচল রাখতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে পুনঃতফসিল (Rescheduling) ও পুনর্গঠনসহ (Restructuring) নানা নীতিগত সুবিধা দিয়েছে। এসব সুবিধার ফলে কাগজে-কলমে খেলাপি ঋণের হার কিছুটা কমলেও বাস্তবে ঋণ আদায়ে তেমন অগ্রগতি দেখা যায়নি। বরং ২০২৫ সালে পুনঃতফসিল করা ঋণের একটি বড় অংশ আবার খেলাপি হয়ে পড়ে।
২০২৬ সালে খেলাপি ঋণ পুনরুদ্ধারের নতুন ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক এককালীন নিষ্পত্তি (One-Time Exit) সুবিধাও চালু করেছে। এই ব্যবস্থায় মূল ঋণের অর্থ একবারে পরিশোধ করলে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের মাধ্যমে ঋণগ্রহীতারা ঋণ থেকে দায়মুক্ত হওয়ার সুযোগ পান।
এই সুবিধার আওতায় অনেক আবেদন জমা পড়লেও তা প্রত্যাশিত মাত্রায় বাস্তবায়িত হয়নি। কারণ, তহবিল সংগ্রহের ব্যয় (Cost of Fund) আদায় না করে সুদ মওকুফের বিষয়টি ব্যাংকগুলোর কাছে যুক্তিযুক্ত মনে হয়নি।
ব্যাংকগুলোকে আর্থিকভাবে টিকে থাকতে হলে খেলাপি ঋণের আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের ক্ষেত্রেও অন্তত তহবিল সংগ্রহের ব্যয় আদায় নিশ্চিত করতে হবে। কারণ, খেলাপি ঋণের অর্থ সুদসহ ফেরত না এলেও আমানতকারীদের আমানতের বিপরীতে মুনাফা ব্যাংককে ঠিকই পরিশোধ করতে হয়।
এ বিষয়টি নিয়ে ব্যাংকগুলো ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একাধিক বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। ফলে খেলাপি ঋণ পুনরুদ্ধারে আশাব্যঞ্জক কোনো সাফল্য দেখা যায়নি।
এ থেকে একটি বিষয় স্পষ্ট— শুধু পুনঃতফসিল, পুনর্গঠন কিংবা এককালীন নিষ্পত্তির মতো নীতিগত সুবিধা দিয়ে দীর্ঘদিনের জমে থাকা খেলাপি ঋণের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
ব্যাংক খাতকে রক্ষা করা এবং সাধারণ আমানতকারীদের গচ্ছিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে বড় বড় ইচ্ছাকৃত খেলাপির প্রতি যেকোনো ধরনের অযাচিত সুবিধা বা তোষণনীতি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ব্যাংকের স্থিতিপত্রে আটকে থাকা সমস্যাগ্রস্ত সম্পদ একটি বিশেষায়িত ও পেশাদার ব্যবস্থাপনা কাঠামোর কাছে হস্তান্তর করা ছাড়া কার্যকর বিকল্প খুব বেশি আছে বলে মনে হয় না।
ডিএএমইউ কী এবং কীভাবে কাজ করবে?
এ প্রেক্ষাপটে সরকার ‘দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা আইন, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়ন করেছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত খসড়াটির তারিখ ৩০ জুন ২০২৬। এ আইনের বিষয়ে জনপরামর্শ গ্রহণের প্রক্রিয়াও শেষ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর গণমাধ্যমকে জানিয়েছিলেন, সম্ভবত ২০২৬ সালের সেপ্টেম্বরে আইনটি সংসদে উত্থাপন করা হতে পারে। অতএব, এটিকে প্রস্তাবিত আইন ও খসড়াভিত্তিক কাঠামো হিসেবেই বিবেচনা করা উচিত।
প্রস্তাবিত কাঠামোর কেন্দ্রবিন্দুতে রয়েছে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট (Distressed Asset Management Unit— DAMU)। এটি বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক তত্ত্বাবধানে একটি স্বাধীন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে, যা দেশে একটি কার্যকর সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা বাজার গড়ে তোলার ভিত্তি তৈরি করবে।
ডিএএমইউ নিজে কোনো খেলাপি ঋণ কিনবে না। বরং এটি হবে একটি লাইসেন্স প্রদানকারী, নিয়ন্ত্রক ও তদারকি কর্তৃপক্ষ। ডিএএমইউর অনুমোদন নিয়ে বেসরকারি ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (DAMC) ব্যাংক থেকে খেলাপি ঋণ কিনবে। এরপর এসব ঋণ পুনরুদ্ধার, পুনর্গঠন, পুনঃতফসিল, জামানত ব্যবস্থাপনা কিংবা বিনিয়োগকারীদের কাছে বিক্রির মাধ্যমে মূল্য উদ্ধারের চেষ্টা করবে।
প্রয়োজনে ঋণ ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান (Loan Servicer Company) এবং সমস্যাগ্রস্ত সম্পদ আদায়বিষয়ক বিশেষায়িত টাস্কফোর্সের (Distressed Asset Enforcement Taskforce) সহায়তাও নেওয়া হবে।
অর্থাৎ, ডিএএমইউর মূল উদ্দেশ্য হলো ব্যাংকের স্থিতিপত্রে বছরের পর বছর আটকে থাকা সমস্যাগ্রস্ত সম্পদকে একটি প্রাতিষ্ঠানিক ও বাজারভিত্তিক ব্যবস্থার আওতায় নিয়ে আসা।
কেন ডিএএমইউ প্রয়োজন?
বাংলাদেশের ব্যাংকগুলো ঐতিহ্যগতভাবে নিজেরাই খেলাপি ঋণ আদায়ের চেষ্টা করে। কিন্তু অনেক ব্যাংকের পর্যাপ্ত দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি, বিশেষায়িত সম্পদ মূল্যায়নের দক্ষতা কিংবা প্রয়োজনীয় আইনি সক্ষমতা নেই। ফলে ঋণ আদায়ের মামলা বছরের পর বছর চলতে থাকে, জামানতের মূল্য কমে যায় এবং অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়।
প্রস্তাবিত ডিএএমইউর তত্ত্বাবধানে একটি কার্যকর বাজার গড়ে উঠলে সমস্যাগ্রস্ত ঋণও ক্রয়-বিক্রয়যোগ্য আর্থিক সম্পদে পরিণত হতে পারে। ব্যাংকগুলো উপযুক্ত মূল্য ও শর্তে এসব সম্পদ বিক্রি করে আটকে থাকা অর্থের একটি অংশ দ্রুত উদ্ধার করতে পারবে। এতে স্থিতিপত্রের ওপর চাপ কমবে এবং নতুন ঋণ বিতরণের সক্ষমতা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে।
ব্যাংকিং খাতে সম্ভাব্য ইতিবাচক প্রভাব
প্রস্তাবিত ডিএএমইউ কার্যকরভাবে বাস্তবায়িত হলে ব্যাংকিং খাতে কয়েকটি গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
প্রথমত, খেলাপি ঋণ ও অন্যান্য সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনার জন্য ব্যাংকগুলো একটি বিকল্প পথ পাবে। বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ পুনরুদ্ধারের চেষ্টা করলে ব্যাংকগুলোর নিজস্ব জনবল ও ব্যবস্থাপনার ওপর চাপ কমবে।
দ্বিতীয়ত, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান ৯ (IFRS 9) অনুযায়ী প্রত্যাশিত ঋণক্ষতির বিপরীতে সংস্থান সংরক্ষণের চাপ মোকাবিলায় সহায়তা পাওয়া যেতে পারে।
তৃতীয়ত, সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনার উন্নতি ব্যাংকের মূলধন পর্যাপ্ততা পুনরুদ্ধারে সহায়ক হতে পারে। পাশাপাশি স্থিতিপত্রের গুণগত মান উন্নত হলে বিনিয়োগকারী ও আমানতকারীদের আস্থা বাড়ার সুযোগ সৃষ্টি হবে।
চতুর্থত, ব্যাংকের আর্থিক সক্ষমতা উন্নত হলে উৎপাদনশীল খাতে নতুন ঋণ দেওয়ার সুযোগ বাড়তে পারে।
একই সঙ্গে এই উদ্যোগ ব্যাসেল-৩ মূলধন কাঠামো, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান ৯ এবং ঝুঁকিভিত্তিক তদারকির লক্ষ্য অর্জনেও সহায়তা করতে পারে।
তবে ডিএএমইউ কোনো জাদুকরী সমাধান নয়।
ডিএএমইউ প্রতিষ্ঠা করলেই খেলাপি ঋণের সমস্যার সমাধান হয়ে যাবে— এমন ধারণা বাস্তবসম্মত নয়। বরং এর সফলতা নির্ভর করবে প্রতিষ্ঠানটির পরিচালনা কতটা স্বচ্ছ, স্বাধীন ও পেশাদার হয়, তার ওপর।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক মূল্যায়ন (Valuation)। প্রকৃত মূল্যের চেয়ে বেশি দামে সমস্যাগ্রস্ত ঋণ কেনা হলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আবার অযৌক্তিকভাবে কম দামে বিক্রি করা হলে ব্যাংকের আমানতকারী ও শেয়ারহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হতে পারে। তাই স্বচ্ছ, বাজারভিত্তিক ও স্বাধীন মূল্যায়নব্যবস্থা অপরিহার্য।
দ্বিতীয়ত, ডিএএমইউর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক, করপোরেট বা অন্য কোনো প্রভাব এর কার্যক্রমকে প্রভাবিত করলে পুরো উদ্যোগের উদ্দেশ্যই ব্যাহত হতে পারে।
তৃতীয়ত, দক্ষ ঋণ ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান, পেশাদার মূল্যায়নকারী, বিশেষায়িত আইনজীবী এবং দ্রুত বিচারব্যবস্থা ছাড়া এই কাঠামো কার্যকর করা কঠিন হবে।
চতুর্থত, ডিএএমইউ যেন ইচ্ছাকৃত ঋণখেলাপিদের জন্য সহজে দায়মুক্তির পথ তৈরি না করে, সেটিও নিশ্চিত করতে হবে। প্রকৃত ব্যবসায়িক সংকটে পড়া ঋণগ্রহীতা এবং ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ না করা ঋণগ্রহীতাকে একইভাবে বিবেচনা করলে নৈতিক ঝুঁকি (Moral Hazard) আরও বাড়বে।
আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা
মালয়েশিয়ার দানাহার্তা (Danaharta), দক্ষিণ কোরিয়ার কেএএমসিও (KAMCO) এবং ভারতের ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (NARCL) দেখিয়েছে, সুশাসন, স্বচ্ছতা, শক্তিশালী আইনি ক্ষমতা ও পেশাদার ব্যবস্থাপনা থাকলে সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনায় বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে বাংলাদেশের জন্য শুধু এসব প্রতিষ্ঠানের কাঠামো অনুকরণ করলেই হবে না। তাদের অভিজ্ঞতা থেকে মূল শিক্ষাগুলো গ্রহণ করতে হবে। বিশেষ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, শক্তিশালী আইনি কাঠামো, সম্পদের সঠিক মূল্যায়ন, স্বচ্ছতা এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত পরিচালনার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।
করণীয় কী?
প্রস্তাবিত ডিএএমইউ গঠন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। তবে এর পাশাপাশি ব্যাংকিং খাতে দীর্ঘদিনের দুর্বল ঋণশৃঙ্খলা এবং বড় খেলাপিদের প্রতি বিশেষ সুবিধা দেওয়ার সংস্কৃতিরও অবসান ঘটাতে হবে।
প্রকৃত ব্যবসায়িক সংকটে পড়া ঋণগ্রহীতাদের জন্য পুনর্গঠন বা পুনঃতফসিলের সুযোগ থাকা উচিত। কিন্তু ইচ্ছাকৃত ঋণখেলাপি, অর্থ আত্মসাৎ কিংবা ঋণের অপব্যবহারের ক্ষেত্রে বারবার নীতিগত সুবিধা দেওয়া হলে ঋণশৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
বাংলাদেশ ব্যাংককে তাই একই সঙ্গে দুটি পথে এগোতে হবে। একদিকে ডিএএমইউর মাধ্যমে সমস্যাগ্রস্ত সম্পদের জন্য একটি কার্যকর বাজার ও পেশাদার ব্যবস্থাপনা কাঠামো তৈরি করতে হবে; অন্যদিকে ইচ্ছাকৃত ঋণখেলাপি, অর্থ আত্মসাৎ এবং ঋণের অপব্যবহারের ক্ষেত্রে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
প্রস্তাবিত ডিএএমইউ বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংস্কারের ভিত্তি হতে পারে। তবে এটি কোনো জাদুকরী সমাধান নয়। ডিএএমইউর পাশাপাশি শক্তিশালী ঋণ মূল্যায়ন, সুশাসন, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা, স্বচ্ছ ঋণ অনুমোদন, কঠোর নজরদারি এবং দ্রুত ঋণ আদায়ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
স্বাধীন নিয়ন্ত্রণ, স্বচ্ছ মূল্যায়ন, দক্ষ পেশাদার ব্যবস্থাপনা, শক্তিশালী আইনি কাঠামো এবং কঠোর জবাবদিহি নিশ্চিত করা গেলে ডিএএমইউ শুধু খেলাপি ঋণ ব্যবস্থাপনার একটি নতুন কাঠামোই হবে না; এটি বাংলাদেশের ব্যাংকিং খাতকে আরও সুস্থ, স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিমূলক ব্যবস্থার দিকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে।
লেখক: ভাইস প্রেসিডেন্ট, ঢাকা ব্যাংক পিএলসি

















