বাংলাদেশের সৌরবিদ্যুৎ বিপ্লব ও জ্বালানি নিরাপত্তা: সম্ভাবনার এক নতুন দিগন্ত

কাজী আহমেদ শামীম
বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে সৌরবিদ্যুতে বিকল্প খুঁজছে বাংলাদেশ। বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে দিয়ে অর্থ উপার্জনের সুযোগও দিয়েছে সরকার। প্রতীকী ছবি
বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে সৌরবিদ্যুতে বিকল্প খুঁজছে বাংলাদেশ। বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে দিয়ে অর্থ উপার্জনের সুযোগও দিয়েছে সরকার। প্রতীকী ছবি

বাংলাদেশের বিদ্যুৎ খাত এক গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। দীর্ঘদিন ধরে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে আমদানিনির্ভর জ্বালানির ক্রমবর্ধমান ব্যয়, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, বৈদেশিক মুদ্রার ওপর চাপ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিদ্যুৎ উৎপাদনে বিকল্প ও টেকসই উৎসের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করেছে।

এ বাস্তবতায় সৌরবিদ্যুৎ, বিশেষত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার একটি সম্ভাবনাময় ও বাস্তবসম্মত সমাধান হিসেবে আবির্ভূত হয়েছে। সরকারও এ সম্ভাবনাকে কাজে লাগাতে তৎপর হয়ে উঠেছে।

সাম্প্রতিক সময়ে সরকার নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে যেসব যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে তার মধ্যে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-৩০), বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬, জাতীয় রুফটপ সোলার কর্মসূচি, নেট মিটারিং নির্দেশিকা ২০২৫, বিশেষ আর্থিক প্রণোদনা, বিনিয়োগবান্ধব ব্যবসায়িক মডেল এবং বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬ বিশেষভাবে উল্লেখযোগ্য।

এসব উদ্যোগের মাধ্যমে সৌরবিদ্যুৎকে কেবল পরিবেশবান্ধব জ্বালানির উৎস হিসেবে নয়, বরং অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, বিনিয়োগ ও জনগণের আয় বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে নতুন নীতিগত ভিত্তি

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে ২০২৫ ও ২০২৬ সাল বিশেষ তাৎপর্য বহন করে। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫-এর মাধ্যমে সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে সৌরবিদ্যুৎকে অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে।

পরবর্তী সময়ে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-৩০) প্রণয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নীতিমালা যেখানে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও দিকনির্দেশনা দেয়, সেখানে কৌশলপত্র সেই লক্ষ্য বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সমন্বয়, বিনিয়োগ, অর্থায়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ার ভিত্তি শক্তিশালী করার সুযোগ তৈরি করে।

বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও কৃষিজমির সীমাবদ্ধতাসম্পন্ন দেশে বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় জমির প্রাপ্যতা একটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাণিজ্যিক ভবন ও আবাসিক স্থাপনার বিপুল পরিমাণ অব্যবহৃত ছাদ রয়েছে। এসব ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা গেলে নতুন জমি অধিগ্রহণ ছাড়াই উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এই বিবেচনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকে জাতীয় জ্বালানি পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতীয় রুফটপ সোলার কর্মসূচি: পরিকল্পনা থেকে বাস্তবায়ন

জাতীয় রুফটপ সোলার কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে— সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি-বেসরকারি স্থাপনাকে সৌরবিদ্যুৎ উৎপাদনের আওতায় নিয়ে আসা।

বাস্তবায়ন নির্দেশিকায় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের জন্য পৃথক বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। সরকারি মালিকানাধীন ভবনের ছাদে সরকারি অর্থায়নে সৌরবিদ্যুৎ স্থাপনের পাশাপাশি নিজস্ব আয়ের উৎসসম্পন্ন প্রতিষ্ঠানগুলোর জন্য নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের সুযোগ রাখা হয়েছে। বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণের জন্যও উপযুক্ত কাঠামো তৈরি করা হয়েছে।

এ কর্মসূচির বাস্তবায়নে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ বিতরণ কোম্পানি, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, স্রেডা, আর্থিক প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং মাঠপর্যায়ের প্রশাসনের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রকল্প বাস্তবায়ন সহজ করার জন্য ছাদের আয়তন অনুযায়ী সম্ভাব্য উৎপাদনক্ষমতা, প্রয়োজনীয় যন্ত্রপাতি, আনুমানিক ব্যয় ও দরপত্র-সংক্রান্ত তথ্য নির্ধারণে ডিজিটাল রুফটপ সোলার ক্যালকুলেটরের ব্যবস্থাও রাখা হয়েছে। এর ফলে প্রকল্প পরিকল্পনা ও প্রাথমিক মূল্যায়ন তুলনামূলকভাবে সহজ হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬: আইনগত সংস্কারের মাইলফলক

সৌরবিদ্যুৎ সম্প্রসারণে অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি ২০২৬ সালের ১৯ অক্টোবর বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ। এই অধ্যাদেশের মাধ্যমে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা, বিনিয়োগ, সেবাদাতা নির্বাচন, বিদ্যুৎ বিল সমন্বয় এবং প্রকল্প বাস্তবায়নের জন্য বিশেষ আইনগত কাঠামো তৈরি করা হয়েছে।

অধ্যাদেশটির বিশেষ গুরুত্ব হলো— এটি সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতা কমিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির সুযোগ তৈরি করেছে। এতে পরিচালন ব্যয়ভিত্তিক বা ওপেক্স মডেলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে ভবনের মালিককে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্পূর্ণ প্রাথমিক ব্যয় বহন করতে হয় না। বরং নির্বাচিত সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে এবং চুক্তি অনুযায়ী উৎপাদিত বিদ্যুতের বিপরীতে অর্থ গ্রহণ করে।

পাশাপাশি নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের জন্য ক্যাপেক্স (CAPEX) মডেলের সুযোগ রাখা হয়েছে। অধ্যাদেশে গ্রাহক, সেবাদাতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির বিধান রয়েছে। এতে যন্ত্রপাতির গুণগত মান, নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, বিদ্যুতের মূল্য, অর্থ পরিশোধ এবং মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতির পরিবেশসম্মত ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া সরকারি ক্রয়প্রক্রিয়ায় বিশেষ বিধান, অনুমোদিত সেবাদাতার তালিকা, জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয়ব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় নীতি পরিষদ গঠনের বিধান সৌরবিদ্যুৎ সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি করেছে। এই অধ্যাদেশের প্রকৃত সাফল্য নির্ভর করবে এর কার্যকর প্রয়োগ, স্বচ্ছ সেবাদাতা নির্বাচন এবং সময়মতো প্রকল্প বাস্তবায়নের ওপর।

নেট মিটারিং নির্দেশিকা ২০২৫: গ্রাহক থেকে বিদ্যুৎ উৎপাদক

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ জনপ্রিয় করার অন্যতম কার্যকর ব্যবস্থা হলো নেট মিটারিং। এ পদ্ধতিতে কোনো গ্রাহক নিজের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে নিজস্ব প্রয়োজনে ব্যবহার করেন। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় বিতরণ গ্রিডে সরবরাহ করা যায়। দ্বিমুখী মিটারের মাধ্যমে গ্রিড থেকে নেওয়া এবং গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের হিসাব সংরক্ষণ করা হয়।

২০১৮ সালের নেট মিটারিং নির্দেশিকার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে ২০২৫ সালের আগস্ট মাসে সংশোধিত নেট মিটারিং নির্দেশিকা প্রকাশ করা হয়। নতুন নির্দেশিকায় বাস্তবায়ন ও বিল সমন্বয় ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থার ফলে বিদ্যুৎ গ্রাহক শুধু বিদ্যুৎ ব্যবহারকারী নন, তিনি একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদকও হতে পারেন। এর মাধ্যমে বিতরণভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বা Distributed Generation-এর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

স্রেডার সবশেষ তথ্য অনুযায়ী, দেশে স্থাপিত মোট নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা ২ হাজার ১২৮ দশমিক ৪১ মেগাওয়াট, যার মধ্যে সৌরশক্তির পরিমাণ এক হাজার ৮৩৫ দশমিক ৩২ মেগাওয়াট। এটি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে একটি পরিমাপযোগ্য অগ্রগতি। তবে জাতীয় লক্ষ্যমাত্রার তুলনায় এই অর্জন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

বিশেষ আর্থিক প্রণোদনা: সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন অর্থনৈতিক সম্ভাবনা

সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকারের সবচেয়ে আকর্ষণীয় উদ্যোগগুলোর একটি হলো বিশেষ আর্থিক প্রণোদনা ঘোষণা। ২০২৬ সালের ১ সেপ্টেম্বর প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণকারী ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রাহক নিজস্ব ব্যবহার শেষে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিটের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এ বিশেষ প্রণোদনার আওতায় ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্থাপিত যোগ্য সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য নির্ধারিত মূল্য ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রযোজ্য থাকবে। প্রণোদনার মূল্য নির্ধারণে উৎপাদন ব্যয়ের সঙ্গে নির্দিষ্ট মুনাফা ও অতিরিক্ত প্রিমিয়াম বিবেচনা করা হয়েছে। অর্থ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক হিসাব বা মোবাইল আর্থিক সেবার ব্যবহারের বিধান রাখা হয়েছে, যা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হতে পারে।

সৌরবিদ্যুৎ ও ব্যাটারি-সংশ্লিষ্ট পণ্য আমদানিতে শুল্ক কমিয়ে ১ শতাংশ করা এবং ভ্যাট অব্যাহতির মতো পদক্ষেপও সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের ব্যয় হ্রাসে সহায়ক হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এ উদ্যোগের মাধ্যমে সৌরবিদ্যুৎকে কেবল বিদ্যুৎ বিল সাশ্রয়ের মাধ্যম নয়, বরং সম্ভাব্য আয় সৃষ্টিকারী বিনিয়োগ হিসেবে বিবেচনার সুযোগ তৈরি হয়েছে। তবে প্রকৃত আর্থিক লাভ নির্ভর করবে স্থাপন ব্যয়, বিদ্যুৎ উৎপাদন, নিজস্ব ব্যবহার, গ্রিডে সরবরাহ এবং প্রযোজ্য চুক্তি ও প্রণোদনার শর্তের ওপর।

বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬: সৌরবিদ্যুৎ আন্দোলনের নতুন উদ্দীপনা

বাংলাদেশে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সাম্প্রতিক উদ্যোগগুলোর মধ্যে বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬ একটি উল্লেখযোগ্য ঘটনা। গত ৩-৪ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী প্রথম বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এই আয়োজন করে।

‘ছাদের প্রতি ইঞ্চি কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’— এই প্রতিপাদ্য সৌরবিদ্যুৎ সম্প্রসারণের অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বকে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছে। এক্সপোতে আধুনিক সৌর প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি, ব্যাটারি সংরক্ষণব্যবস্থা, অর্থায়ন সুবিধা ও সৌরবিদ্যুৎ স্থাপনের বিভিন্ন প্রযুক্তিগত সমাধান প্রদর্শিত হয়।

সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রযুক্তি সরবরাহকারী এবং সাধারণ গ্রাহকদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসা ছিল আয়োজনটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এ উপলক্ষ্যে আয়োজিত চারটি সেমিনারে সৌরবিদ্যুৎ সম্প্রসারণ, সরকারি প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপন, জ্বালানি নিরাপত্তা, কর্মসংস্থান, বেসরকারি বিনিয়োগ এবং কার্বন আয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি ‘স্ফুরণ’ শীর্ষক টেকসই জ্বালানি উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা তরুণদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করার সুযোগ তৈরি করেছে।

এই এক্সপোর তাৎপর্য শুধু প্রযুক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সৌরবিদ্যুৎকে জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের অংশগ্রহণভিত্তিক কর্মসূচি হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও দৃশ্যমান করেছে।

সেমিনার, প্রশিক্ষণ ও জনসচেতনতা: সক্ষমতা উন্নয়নের ধারাবাহিকতা

সৌরবিদ্যুৎ সম্প্রসারণে শুধু নীতিমালা বা আর্থিক প্রণোদনা যথেষ্ট নয়; প্রয়োজন দক্ষ জনবল, প্রযুক্তিগত জ্ঞান এবং জনগণের আস্থা। এই লক্ষ্য অর্জনে স্রেডা, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ বিতরণ কোম্পানি এবং বিভিন্ন অংশীজন ধারাবাহিকভাবে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

স্রেডা বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বেজা, বেপজা, বিশ্ববিদ্যালয় ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে রুফটপ সোলার ও নেট মিটারিং সম্পর্কে সচেতনতা বাড়ানোর কার্যক্রম গ্রহণ করেছে। এছাড়া নির্বাচিত সার্ভিস প্রোভাইডারদের নিয়ে নেট-মিটার্ড রুফটপ সোলার প্রকল্প বিষয়ে ৩ নভেম্বর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প নকশা, ক্রয়প্রক্রিয়া, স্থাপন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, আবেদন ও চুক্তি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

এ বছরের এপ্রিল মাসে নবায়নযোগ্য জ্বালানির রোডম্যাপ বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। পাশাপাশি জাতীয় সোলার হেল্পডেস্কের মতো উদ্যোগের মাধ্যমে গ্রাহকসেবা ও তথ্যপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণের প্রচেষ্টা নেওয়া হয়েছে। এসব উদ্যোগ সৌরবিদ্যুৎ বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত ভুল কমানো এবং বিনিয়োগকারীদের আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বেসরকারি বিনিয়োগ ও নতুন কর্মসংস্থানের সম্ভাবনা

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচির অন্যতম বৈশিষ্ট্য সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্ব। ওপেক্স মডেলের মাধ্যমে সেবাদাতা প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী, আর্থিক প্রতিষ্ঠান ও প্রযুক্তি সরবরাহকারীদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হচ্ছে। অন্যদিকে গ্রাহককে প্রাথমিক মূলধনের সম্পূর্ণ চাপ বহন না করেও সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে।

এ কর্মসূচি সম্প্রসারিত হলে সৌর প্যানেল স্থাপন, বৈদ্যুতিক প্রকৌশল, প্রকল্প নকশা, রক্ষণাবেক্ষণ, মান নিয়ন্ত্রণ, অর্থায়ন, ডিজিটাল মনিটরিং এবং ব্যাটারি ব্যবস্থাপনায় নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে। বিশেষত তরুণ প্রকৌশলী, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং স্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য এই খাত নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত যন্ত্রপাতির সরবরাহ নিশ্চিত করা এবং প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে সৌরবিদ্যুৎ খাত একটি শক্তিশালী সবুজ অর্থনীতির ভিত্তি গড়ে তুলতে পারে।

জ্বালানি নিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতিতে সম্ভাব্য সুফল

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের সুফল বহুমাত্রিক।

  • প্রথমত, দিনে স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে গ্রিড থেকে বিদ্যুৎ গ্রহণের প্রয়োজন কমানো সম্ভব। এর ফলে কিছু ক্ষেত্রে ব্যয়বহুল জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ওপর চাপ হ্রাস পেতে পারে।
  • দ্বিতীয়ত, উৎপাদন ও ব্যবহার একই স্থানে হওয়ায় সঞ্চালন ও বিতরণব্যবস্থার ওপর চাপ কমানোর সুযোগ রয়েছে। তবে এর প্রকৃত সুফল নির্ভর করবে স্থানীয় গ্রিডের অবস্থা, উৎপাদন ও চাহিদার সময়ভিত্তিক সামঞ্জস্য এবং প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থার ওপর।
  • তৃতীয়ত, সৌরবিদ্যুৎ জীবাশ্ম জ্বালানির ব্যবহার প্রতিস্থাপন করতে পারলে গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাসে অবদান রাখতে পারে।
  • চতুর্থত, শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যয় নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হতে পারে। আন্তর্জাতিক বাজারে পরিবেশবান্ধব উৎপাদনের গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় এটি রপ্তানিমুখী শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক হতে পারে।
  • সর্বোপরি, সৌরবিদ্যুৎ সম্প্রসারণ বাংলাদেশের জ্বালানি সরবরাহকে বৈচিত্র্যময় করার মাধ্যমে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখতে পারে।

অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়

বাংলাদেশে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সাম্প্রতিক অগ্রগতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। জাতীয় কর্মসূচি অনুমোদন, নতুন নীতিমালা ও কৌশলপত্র, বিশেষ অধ্যাদেশ, নেট মিটারিং সংস্কার, আর্থিক প্রণোদনা, সোলার এক্সপো এবং সক্ষমতা উন্নয়ন কার্যক্রম একটি সমন্বিত নীতিগত ভিত্তি তৈরি করেছে।

তবে নীতিগত অর্জন ও বাস্তব উৎপাদন সক্ষমতা বৃদ্ধিকে পৃথকভাবে মূল্যায়ন করা প্রয়োজন। ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দ্রুত প্রকল্প বাস্তবায়ন, মানসম্মত যন্ত্রপাতি, দক্ষ জনবল, নির্ভরযোগ্য অর্থায়ন এবং স্বচ্ছ ক্রয়প্রক্রিয়া নিশ্চিত করা অপরিহার্য। বিশেষভাবে প্রয়োজন ছাদের কাঠামোগত নিরাপত্তা যাচাই, গ্রিডের গ্রহণক্ষমতা মূল্যায়ন, প্রকল্পের উৎপাদন ও আর্থিক কার্যকারিতা পর্যবেক্ষণ, সেবাদাতার জবাবদিহি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ। পাশাপাশি গ্রাহক ও বিনিয়োগকারীদের জন্য সহজ আবেদনপদ্ধতি, দ্রুত অনুমোদন, সময়মতো বিল সমন্বয় ও প্রণোদনা পরিশোধ নিশ্চিত করতে হবে।

প্রতিটি প্রকল্পের উৎপাদন সক্ষমতা, বাস্তব বিদ্যুৎ উৎপাদন, ব্যয়, সাশ্রয় এবং পরিবেশগত সুফল পর্যবেক্ষণের জন্য একটি সমন্বিত ডিজিটাল তথ্যব্যবস্থা গড়ে তোলা হলে জাতীয় কর্মসূচির অগ্রগতি আরও স্বচ্ছভাবে মূল্যায়ন করা সম্ভব হবে।

শেষ কথা

বাংলাদেশের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে। অতীতে সৌরবিদ্যুৎকে মূলত বিকল্প বিদ্যুৎ সরবরাহব্যবস্থা হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে এটি জাতীয় জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনগণের আয় বৃদ্ধির সম্ভাবনাময় মাধ্যম হিসেবে গুরুত্ব পাচ্ছে।

২০২৫ ও ২০২৬ সালে গৃহীত নীতি, আইন, কৌশল, প্রণোদনা ও জনসচেতনতামূলক উদ্যোগগুলো এই পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, জাতীয় রুফটপ সোলার কর্মসূচি এবং বাংলাদেশ সোলার এক্সপো এই রূপান্তরকে নতুন গতি দিয়েছে।

তবে প্রকৃত সাফল্যের মানদণ্ড হবে কত মেগাওয়াট সৌরবিদ্যুৎ বাস্তবে গ্রিডে যুক্ত হলো, কত প্রতিষ্ঠান ও পরিবার উপকৃত হলো, কতটা জ্বালানি ব্যয় সাশ্রয় হলো এবং কত নতুন কর্মসংস্থান তৈরি হলো।

সরকার, বেসরকারি খাত, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী ও সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলাদেশের অসংখ্য অব্যবহৃত ছাদ ভবিষ্যতে পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ উৎসে পরিণত হতে পারে।

বাংলাদেশের সৌরবিদ্যুৎ বিপ্লবের মূল শক্তি হতে পারে একটি সহজ ধারণা— অব্যবহৃত ছাদকে উৎপাদনশীল সম্পদে রূপান্তর করা। সঠিক নীতি, কার্যকর বাস্তবায়ন এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই সম্ভাবনাকে টেকসই জাতীয় অর্জনে পরিণত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।

লেখক: কলামিস্ট ও গল্পকার

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad