প্রতিদিন ধর্ষণের শিকার একজনের বেশি, ৭০ শতাংশই শিশু: মহিলা পরিষদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উপলক্ষ্যে বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে মহিলা পরিষদ। ছবি: মহিলা পরিষদের ফেসবুক থেকে
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উপলক্ষ্যে বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে মহিলা পরিষদ। ছবি: মহিলা পরিষদের ফেসবুক থেকে

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৩৯৮ জন। একই সময়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৩৭ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪০ জনকে। হিসাব বলছে, এই সময়ে গড়ে প্রতি মাসে ধর্ষণের শিকার হয়েছেন প্রায় ৪০ জন। সে হিসাবে প্রতিদিন একজনেরও বেশি নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন।

এদিকে মোট ধর্ষণের শিকার নারী-শিশুর মধ্যে মেয়েশিশুর সংখ্যাই ২৮০টি। অর্থাৎ ধর্ষণের শিকার শিশুর সংখ্যা মোট ভুক্তভোগীর ৭০ শতাংশেরও বেশি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ এসব তথ্য তুলে ধরেছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা। তিনি জানান, বছরের প্রথম ১০ মাসে ১৭০ জন ধর্ষণচেষ্টার ও ২০৬ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন। একই সময়ে বিভিন্ন কারণে ৪৯০ জন নারী ও মেয়েশিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, রহস্যজনক মৃত্যু ঘটেছে ২৫৭ জনের।

লিগ্যাল এইড মুখপাত্র রেখা সাহা বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও সহিংসতা, নির্যাতন ও বৈষম্য থেকে মুক্ত হতে পারেননি। বরং নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতার ধরন ও মাত্রা পরিবর্তিত হচ্ছে।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং ভুক্তভোগীদের আশ্রয়, চিকিৎসা, আইনি সহায়তা ও মনোসামাজিক কাউন্সেলিং নিশ্চিত করার পাশাপাশি হাইকোর্টের নির্দেশনার আলোকে পূর্ণাঙ্গ যৌন হয়রানি প্রতিরোধ আইন প্রণয়নের সুপারিশ করেছে মহিলা পরিষদ। প্রয়োজনীয় আইন করে অনলাইনে নারী ও শিশুর প্রতি ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দেশে দেশে অনেক আইন, নীতিমালা ও কর্মসূচি নেওয়া হলেও উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। নারীর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিদ্যমান আইনগুলোর কার্যকর বাস্তবায়নের পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌন হয়রানি প্রতিরোধ আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন জরুরি।

সংবাদ সম্মেলনে নারীর মানবাধিকার ও সম্পত্তিতে সমঅধিকার নিশ্চিত করা, ক্ষতিকর সামাজিক প্রথা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ আইন, ২০১৭-এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে মহিলা পরিষদ।

মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু নারীর ক্ষতি করে না, বরং সমগ্র সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ সমস্যার স্থায়ী সমাধানে পারিবারিক ও সামাজিক সহযোগিতার পাশাপাশি রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করতে হবে। পুরুষতান্ত্রিক সংস্কৃতি ও আধিপত্যবাদী মানসিকতা থেকেই মূলত বৈষম্য ও অপরাধের জন্ম হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে সমতার সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম এবং লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি পরিচালক দীপ্তি শিকদার। মঞ্চে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, ও মাসুদা রেহানা বেগম এবং উপপরিচালক (লিগ্যাল অ্যাডভোকেসি ও লবি) রামলাল রাহা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad