রামিসা ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
-8db58c-480x270.webp)
ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। এর আগে সোমবার এক দিনে শুনানি শেষ হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির ও মোহাম্মদ ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
পল্লবীর ১১ নম্বর সেকশন এলাকার একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকত রামিসা। সে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। সোহেল ও স্বপ্না ওই ভবনের অন্য একটি ফ্ল্যাটে সাবলেট থাকতেন।
গত ১৯ মে দুপুরে সোহেলদের বাসা থেকে রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে স্বপ্নাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে স্বপ্না বলেন, রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ করে মেরে ফেলেন সোহেল। লাশ গুম করার জন্য মাথা ছুরি দিয়ে কেটে আলাদা করেন এবং দুই হাত কাঁধ থেকে অর্ধ বিচ্ছিন্ন করে মৃতদেহ বাথরুম থেকে এনে শোবার ঘরের খাটের নিচে রেখে দেন। কাটা মাথা বাথরুমের বালতির মধ্যে রেখে জানালার গ্রিল কেটে সোহেল পালিয়ে যান।
ঘটনার দিনই রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় দুজনকে আসামি করে মামলা করেন। পরদিন সোহেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে তাকে ও স্বপ্নাকে কারাগারে পাঠানো হয়।
নৃশংস এ ঘটনা দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি করে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং দ্রুত বিচার শেষ করার আশ্বাস দেন।
এরপর বিচার শুরুর মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
রায়ের পর দুজনকেই কনডেম সেলে রাখা হয়। সেখান থেকেই তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। গত ৯ জুন ৬৯ পৃষ্ঠার রায়সহ মামলার অন্যান্য নথিপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়।
পরে হাইকোর্টের নির্দেশে আইনজীবী হাফিজুর রহমান খানকে ‘স্টেট ডিফেন্স’ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি সোমবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করলেন হাইকোর্ট।















