১৩ ঘণ্টা পর উদ্ধার অধ্যক্ষ, ৪ দাবিতে ফের আন্দোলনের ঘোষণা হোম ইকোনমিকস শিক্ষার্থীদের

প্রায় ১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাজধানীর নীলক্ষেত এলাকায় অবস্থিত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছাকে উদ্ধার করেছে পুলিশ। দিনভর তাকে অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। অধ্যক্ষকে উদ্ধার করার পর গভীর রাতে তারা সংবাদ সম্মেলন করে চার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অধ্যক্ষকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তারা পুরুষ পুলিশ সদস্যদের লাঠিচার্জ, চুল ও হিজাব ধরে টানাহেঁচড়া এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলেন।
অধ্যক্ষকে উদ্ধারের পর রাত সাড়ে ১২টার দিকে কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে দিবাগত রাত সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলন করে চার দফা দাবিতে ফের শুক্রবার আন্দোলনে নামার ঘোষণা দিয়ে হলে ফেরেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা যে চার দফা দাবি ঘোষণা করেন সেগুলো হলো—
- শুক্রবার ক্যাম্পাসে কোনো ধরনের সরকারি পরীক্ষা হতে দেওয়া যাবে না;
- মধ্যরাতে ছাত্রীদের গায়ে হাত তোলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনার সুস্পষ্ট জবাব দিতে হবে এবং জড়িত পুলিশ সদস্যদের শোকজ করতে হবে;
- অধ্যক্ষ লিখিতভাবে কোনো ডকুমেন্ট না দেওয়া পর্যন্ত কলেজের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে; এবং
- শিক্ষার্থীদের ওপর হামলায় মদত দেওয়া ও ঘটনাটিকে বৈধতা দেওয়া শিক্ষক-কর্মচারীদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ের অবরুদ্ধ থাকা অবস্থায় অধ্যক্ষ মেহেরুন্নেছা মোবাইল ফোনে একাধিক গণমাধ্যমকে বলেন, আমি তাদের শাস্তি কমিয়ে দিয়েছি। বিদ্যুতের অপচয় করায় অন্তত বিদ্যুৎ বিলটা দিতে বলেছি। হোস্টেল সুপারকে বলেছিলাম, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য জানতে। তারা আমার কাছে এসে কোনো দাবিও জানায়নি, ক্ষমাও চায়নি। তারা এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে।
অধ্যক্ষ আরও বলেন, প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রশাসনকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়। আমি কাউকে বহিষ্কারও করিনি। শিক্ষার্থীরা ভুল তথ্য দিচ্ছে। আমি হোস্টেল থেকে দুজনের সিট বাতিলের নোটিশ দিয়েছিলাম। কারণ, তারা হোস্টেলে থেকে শৃঙ্খলা ভঙ্গ করেছে। পরে তাদের সিট বহালও রেখেছি। শুধু বলেছি, বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।













-c943a0-256x144.webp)