এইচএসসিতে সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১ ডিসেম্বর থেকে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে আগামী ১ ডিসেম্বর থেকে। নিয়মিত ও অনিয়মিত— উভয় ধরনের পরীক্ষার্থী শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সাধারণত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর আবার পরীক্ষায় বসতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলেও শিক্ষার্থীদের প্রায় এক বছর অপেক্ষা করতে হয়।
এবার সেই অপেক্ষা কমাতে এক মাসের মধ্যে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার ব্যবস্থা করেছে শিক্ষা বিভাগ।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।











-bbd08f-256x144.webp)



