৫১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিসিএস পরীক্ষা। প্রতীকী ছবি
বিসিএস পরীক্ষা। প্রতীকী ছবি

স্বাস্থ্য ক্যাডারে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

আজ বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হল, আসনবিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

পরবর্তী সময়ে এই বিজ্ঞপ্তি সংশোধনের প্রয়োজন হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন। এর মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তাঁদের মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন।

এ বিশেষ বিসিএসে ২০০ নম্বরের লিখিত (এমসিকিউ) ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় থাকবে ২০০টি প্রশ্ন। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে। তবে ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ৫০ নম্বর। বিশেষ বিসিএস হওয়ায় লিখিত পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে থাকবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে সম্পর্কিত বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।

এর আগে ২০২৫ সালের ২৯ মে তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ওই বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এর আগে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ পেয়েছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad