এইচএসসি ও সমমান পরীক্ষা

এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ও ফলাফল ডিসেম্বরের মধ্যে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এসএসসি পরীক্ষা। ফাইল ছবি
এসএসসি পরীক্ষা। ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া, উত্তরপত্র মূল্যায়ন এবং ফল প্রকাশের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। এ জন্য ২ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় ধরে একটি খসড়া কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের কাজ ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার খসড়া রোডম্যাপ তৈরি হয়েছে। পরিকল্পনাটি অনুমোদন পেলে নির্ধারিত সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এক মাসের মধ্যে নেওয়া হবে।

বর্তমান নিয়মে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাকে পরের বছর আবার পরীক্ষায় বসতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।

এবারের ফলাফলে দেখা গেছে, এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। সব মিলিয়ে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫। আর সব বিষয়ে মিলিয়ে মোট অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদে কীভাবে ফল উল্লেখ করা হবে, জানতে চাইলে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, তাদের ফলাফল নতুন করে প্রকাশ করা হবে। আগের পরীক্ষায় যেসব বিষয়ে তাঁরা উত্তীর্ণ হয়েছেন, সেসব বিষয়ের ফল বহাল থাকবে। নতুন পরীক্ষায় পাওয়া নম্বর শুধু অকৃতকার্য বিষয়গুলোর আগের ফলের সঙ্গে যুক্ত হবে।

পরীক্ষা গ্রহণের কর্মপরিকল্পনা আনুষ্ঠানিকভাবে কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে বোর্ড চেয়ারম্যান জানান, আগামী ৪ ডিসেম্বর এটি প্রকাশের কথা রয়েছে।

এদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad