গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি

দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্ররাই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২০ নভেম্বর) ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা যখন এখানে ছাত্র ছিলাম, তখন রাজনীতি অনেকটা নিষিদ্ধ ছিল। তারপরও আমরা গোপনে রাজনীতি করার চেষ্টা করেছি।’
আন্দোলন-সংগ্রামে শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।’
দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানো প্রয়োজন, যাতে তা দেশের ও মানুষের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে।’
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দেয়া হচ্ছে, সেগুলো জাতীয় জীবনে কতটুকু ভূমিকা রাখছে, তা পর্যালোচনা করা দরকার।’
শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে পারে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান করা নয়, বরং শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাও তাদের দায়িত্ব।’

-369d59.jpg)







-c63a26.jpg)



