ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলায় বজ্রপাতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
তারা হলেন সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। দুজনই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থী।
আগলিনা নামে তাদের এক সহকর্মী জানান, বিকেল পাঁচটার দিকে ঝড়-বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অবস্থানকালে বজ্রপাতে দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নতুন ভবনে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।



















