‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নামে কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম বদল

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি যুদ্ধজাহাজের নামে বড় পরিবর্তন এনেছে সরকার। পরিবর্তিত নামগুলোর মধ্যে একটি জাহাজ থেকে ‘জয় বাংলা’ এবং অপর চারটি জাহাজ থেকে জাতীয় চার নেতার নাম সরিয়ে নতুন নাম নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের আগের নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে। জাহাজগুলোর মধ্যে বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস অদম্য বাংলা, বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে বিসিজিএস ফিরোজ কবীর, বিসিজিএস তাজউদ্দীনের নাম বিসিজিএস নুরুল ইসলাম, বিসিজিএস মনসুর আলীর নাম বিসিজিএস এম হুমায়ুন কবীর এবং বিসিজিএস কামরুজ্জামানের নতুন নাম রাখা হয়েছে বিসিজিএস আশরাফ সিদ্দিকী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।











