প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলায় ডিটিসিএর নির্বাহী পরিচালককে প্রত্যাহার

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমানকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া একটি স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ার পর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ওই পদ থেকে সরিয়ে মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা জানানো হয়।
চুক্তিতে সচিব পদে নিয়োজিত মসিউর রহমানকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হলেও সেটি প্রকাশ করা হয় বুধবার। তবে কী কারণে তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়েছে, প্রজ্ঞাপনে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এর আগে ১ নভেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ছয় রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্লোগানটি দেন, এটিকে আমি যদি বলি এটি হাদিস তাহলে পরে আপনারা মনে করবেন আমি ওনাকে (প্রধানমন্ত্রী) তেল মারতেছি পরবর্তী পোস্টিংয়ের জন্য। তবে এটি একটি শাশ্বত বাণী।’
বক্তব্যের একপর্যায়ে মসিউর রহমান আরও বলেন, ‘আমার আগে আমরা সবার আগে দেশ। বলেন কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যাদের মধ্যে দেশপ্রেম নাই, সেই বলতে পারে যে আমি মানি না। আমার আগে আমরা আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব এবং তার আগে দেশ। তার আগে করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এটা হাদিস, এটা হাদিস, এটা শাশ্বত বাণী। এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। উনার (প্রধানমন্ত্রী) মুখে দাড়ি নাই, টুপি পরে না—এ জন্য হাদিস হয় নাই, এটা হাদিস।’
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ার পর থেকেই সমালোচনার মুখে ছিলেন মসিউর রহমান। তাঁর বক্তব্যের ওই অংশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। এ নিয়ে অনেকেই সমালোচনা করে পোস্ট দেন। তবে তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহারের কারণ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বক্তব্য বা সমালোচনার কোনো উল্লেখ করা হয়নি।













