ডিবিসি কার্যালয় থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী আটক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে বের হওয়ার সময় তাকে নিয়ে যাওয়া হয়। একই সময় প্রতিষ্ঠানটির অপরাধবিষয়ক বিভাগের সাংবাদিক রাজীব ঘোষকেও পুলিশ নিয়ে যায়।
ইকবাল সোবহান চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, “তাকে গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে কারণে আমরা তাকে জিজ্ঞাসা করার জন্য নিয়ে এসেছি।” তবে কী ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।
এদিকে, বুধবার বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিবিসির অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদীর অনিক। তিনি বলেন, “ডিবিসি অফিস থেকে যখন ইকবাল সোবহান চৌধুরী বের হচ্ছিলেন তখন তাকে রাস্তা থেকে নিয়ে গেছে ডিবি। কেন তাকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমরা ক্লিয়ার না। আমরা ধারণা করে বলতে পারি জুলাই রেভ্যুলেশনের সময়কার যে মামলা ছিল, সেই কেন্দ্রীক কিছু। আমরাও ডিবিসির পক্ষ থেকে জানার চেষ্টা করছি কেন তাকে আটক করা হল।”
ডিবিসির আরেক সাংবাদিক রাজীব ঘোষকে নিয়ে যাওয়ার বিষয়েও কথা বলেন মুক্তাদীর অনিক। তিনি জানান, রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়নি। তার ভাষায়, “আমাদের আরেকজন সহকর্মীকে জিজ্ঞাসাবাদ না, জাস্ট ডিবি বলেছে ‘আপনি একটু চলেন, চা খাবো।’” অনিক আরও জানান, রাজীব ঘোষকেও রাস্তা থেকে গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে।
রাজীব ঘোষকে নিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে মুক্তাদীর অনিক বলেন, “যেহেতু উনি ক্রাইম বিট করেন, ডিবিসির ক্রাইম চিফ তাই পুলিশের কর্মকর্তার সঙ্গে তার ভালো সম্পর্ক আছে। সেই সুবাদে তাকে কথা বলার জন্য নিয়ে গেছে।” তিনি আরও বলেন, “তাকে ধরে নিয়ে গেছে এটা আসলে ঠিক না। একমাত্র ইকবাল সোবহান চৌধুরীর ক্ষেত্রে বলা যায় তাকে ধরে নিয়ে যায়। রাজীব ঘোষের ক্ষেত্রে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ঠিক নয়।”













