এইচএসসিতে ছাত্রদের অর্ধেকেরও বেশি ফেল, ছাত্রীদের ৪৩.৬৯ শতাংশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এইচএসসির ফল পেয়ে শিক্ষার্থীদের আনন্দ উল্লাস। ফাইল ছবি: সংগৃহীত
এইচএসসির ফল পেয়ে শিক্ষার্থীদের আনন্দ উল্লাস। ফাইল ছবি: সংগৃহীত

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের তুলনায় ছাত্রদের অকৃতকার্য হওয়ার হার বেশি। ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ৫২ দশমিক ২৫ শতাংশ ছাত্র ফেল করেছেন। ছাত্রীদের ক্ষেত্রে এ হার ৪৩ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ ছাত্রীদের তুলনায় ছাত্রদের ফেল করার হার ৮ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট বেশি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, এবার সামগ্রিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।

এবার পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে পাস করেছেন ৬১ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

অন্য সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে রাজশাহীতে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ০৭ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ।

এ ছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

এ বছর দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন। সারা দেশে পরীক্ষাকেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি।

এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ২৯ হাজার ১৩টি কমেছে। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর ৬ দশমিক ২ শতাংশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad