টানা তৃতীয় রাতেও ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে অস্থিতিশীল করার চেষ্টা চলছে রাজধানী। মঙ্গলবার রাতে বনানী, বাড্ডা, শ্যামলী ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল ফাটানোর পাশাপাশি দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সহায়তায় দুজনকে আটক করা হয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্জেন্ট জহুরুল হক হলের দ্বিতীয় গেটসংলগ্ন পলাশী মোড় এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। খবর পেয়ে পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেলটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
এ বিষয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান, হলের সিকিউরিটি গার্ডদের সংবাদের ভিত্তিতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে তারা এসে ককটেলটি নিষ্ক্রিয় করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ককটেল বিস্ফোরণের পাশাপাশি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। রাত আনুমানিক ১টার দিকে শাহআলী থানার চিড়িয়াখানার সামনে পার্কিংয়ে থাকা ‘চিড়িয়াখানা সিটি পরিবহন’-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে শেরেবাংলা নগর থানা এলাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা পরিবহন’-এর আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, ওভারপাস ও ফ্লাইওভারের নিচে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা জোরদার ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।
















