মুক্তির পরই রেকর্ড, প্রত্যাশার চেয়েও বেশি সাড়া— কেন এত আলোচনায় জিটিএ-৬

একটি গেমে আর কত কিছুই বা করা যায়! শোবার ঘরের দেয়ালে নিজের পছন্দমতো রং করা যায়। সমুদ্রের গভীরে ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘুরে দেখা যায়। পাখি দেখে সেগুলোর তালিকা করা যায়, চাইলে শনাক্ত করা যায় ৬২ প্রজাতির পাখিও। আবার ব্যাংক ডাকাতি, গাড়ি চুরির মতো অপরাধের সুযোগ তো আছেই। তবে আগের মতো বেপরোয়া হলে চলবে না। কারণ, এবার পুলিশ অনেক বেশি বুদ্ধিমান। গাড়ির তেল শেষ হয়ে গেলে সেটিও নিজেকেই ভরতে হবে।
এমন অসংখ্য খুঁটিনাটি আর বাস্তবধর্মী অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছে রকস্টার গেমসের নতুন ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা জিটিএ-৬। চলতি সপ্তাহে মুক্তির পরপরই গেমটি গেমারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ১৩ বছরের অপেক্ষা আর আনুমানিক ১০০ কোটি ডলার ব্যয়ের পর গেমটি নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, মুক্তির পর তা ছাড়িয়ে গেছে। গেমটির মেটাক্রিটিক স্কোর ১০০-এর মধ্যে ৯৯। এখন পর্যন্ত প্রকাশিত গেমগুলোর মধ্যে এটি যৌথভাবে সর্বোচ্চ স্কোর। সমালোচক ও খেলোয়াড়দের কাছ থেকেও এসেছে ব্যাপক প্রশংসা।
ব্রিটেনের ম্যানচেস্টারের ৩৪ বছর বয়সী সংগীত প্রযোজনা বিভাগের শিক্ষক ব্র্যান্ডন নাইটিঙ্গেল রকস্টার গেমসের দীর্ঘদিনের ভক্ত। এত দিন ধরে অপেক্ষা করার পর গেমটি হাতে পেয়ে তার মনে হয়েছে, অপেক্ষা বৃথা যায়নি।
নাইটিঙ্গেল বলেন, “আমার মনে হচ্ছে, আমি সত্যিই এত দিন ধরে অপেক্ষা করেছি এবং অবশেষে এটি এসেছে। আমার কাছে তারা যা করতে পারত, তার আদর্শ সংস্করণই এটি।”
গেমটির বিশাল জগৎ ও নানা ধরনের কাজের সুযোগ তাকে এতটাই মুগ্ধ করেছে যে খেলার সময় কী করবেন, সেটিই ঠিক করতে পারছেন না। তার কথায়, “গেমটির মধ্যে এত কিছু রাখা হয়েছে যে আমি ভাবছি, এরপর কী করব? কোনো মিশনে যাব, নাকি দোকানে যাব? গত রাতে আমি শুধু গাড়ি চালিয়েছি। আমি আসলে এই দুনিয়াটাকে উপভোগ করছিলাম।”
মুক্তির প্রথম দিনেই রেকর্ড বিক্রি
গেমারদের এই উচ্ছ্বাসের প্রতিফলন দেখা গেছে বিক্রির হিসাবেও। রকস্টার শুক্রবার জানিয়েছে, মুক্তির প্রথম দিন শেষে জিটিএ-৬-এর খুচরা বিক্রি রেকর্ড ৩৭৯ কোটি ডলারে পৌঁছেছে। মুক্তির আগেই অনেক খেলোয়াড় গেমটি নামিয়ে রেখেছিলেন। সামনে ছুটির মৌসুম থাকায় বিক্রি আরও বাড়তে পারে।
বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গেমটির প্রায় ৭৫ শতাংশ বিক্রি হয়েছে প্লেস্টেশন ৫-এর জন্য। বাকি বিক্রি হয়েছে এক্সবক্স সিরিজ এক্স ও এস-এর জন্য। কম্পিউটার সংস্করণ আগামী বছর বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
এই সাফল্যে লাভবান হওয়ার কথা রকস্টারের মালিকানা প্রতিষ্ঠান টেক-টু ইন্টা কটিভ সফটওয়্যার এবং গেম কনসোল নির্মাতা সনি ও মাইক্রোসফটের। তবে এর প্রভাব শুধু এসব প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়। সাধারণত ভিডিও গেম নিয়ে গণমাধ্যমে এতটা আগ্রহ দেখা যায় না। জিটিএ-৬ মুক্তির পর সেই চিত্রও বদলেছে। গেমটি ঘিরে ব্যাপক আলোচনা পুরো গেমিং শিল্পের জন্য নতুন গতি তৈরি করতে পারে।
শুধু খেলোয়াড়েরাই নন, প্রতিদ্বন্দ্বী গেম নির্মাতারাও জিটিএ-৬-এর প্রশংসা করেছেন। ‘সাইবারপাঙ্ক ২০৭৭’ ও ‘দ্য উইচার’ সিরিজের নির্মাতা পোল্যান্ডের সিডি প্রজেক্ট রেডের যৌথ প্রধান নির্বাহী মিখাল নোভাকোভস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে রকস্টার গেমসকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, প্রতিষ্ঠানটি “একটি অসাধারণ সৃষ্টি” করেছে। আগামী কয়েক সপ্তাহ ও মাস ধরে তিনি গেমটি ঘুরে দেখার পরিকল্পনা করছেন বলেও জানান।
জাপানের গেম নির্মাতা প্রতিষ্ঠান পকেটপেয়ারও গেমটির মুক্তি উদ্যাপন করেছে। ‘পালওয়ার্ল্ড’-এর নির্মাতা প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার কর্মীদের জন্য অফিসে সুশি পার্টির আয়োজন করে। পাশাপাশি গেমটি উপভোগের জন্য কর্মীদের পাঁচ দিনের ছুটিও দেওয়া হয়। প্রতিষ্ঠানটি এই সময়কে ‘গেমিংয়ের নতুন যুগ’ হিসেবে অভিহিত করেছে।
ছোট কার্যালয় থেকে বিশাল বিনোদনজগৎ
আজকের জিটিএ-৬ দেখে হয়তো বিশ্বাস করা কঠিন, এই বিশাল আয়োজনের শুরুটা হয়েছিল স্কটল্যান্ডের ডান্ডির একটি ছোট কার্যালয়ে। ১৯৯০-এর দশকে সেখান থেকেই ‘গ্র্যান্ড থেফট অটো’ সিরিজের যাত্রা শুরু হয়।
গেম সাংবাদিক টম রেগানের ভাষ্য অনুযায়ী, শুরুর দিকে জিটিএ ছিল ওপর থেকে দেখা যায় এমন একটি সরল, আর্কেডধর্মী গেম। প্রথমে এটিকে পুলিশ ও ডাকাতের লড়াইভিত্তিক গেম হিসেবে তৈরির পরিকল্পনা ছিল। পরে নির্মাতারা বুঝতে পারেন, পুলিশ হয়ে খেলার চেয়ে বিশৃঙ্খলা তৈরি করাই বেশি মজার।
রেগানের মতে, সেখান থেকে একটি রসিকতাপূর্ণ ও কিছুটা অমার্জিত গেম আজ ইতিহাসের অন্যতম বড় বিনোদনমূলক পণ্যে পরিণত হয়েছে। একই সঙ্গে এটি ইন্টার্যাকটিভ গল্প বলার ধরনকেও নতুন উচ্চতায় নিয়ে গেছে। জিটিএর এই বিবর্তন ভিডিও গেমের শিল্প, বাণিজ্য ও সাংস্কৃতিক বিকাশেরও উদাহরণ।
লুসিয়ার উপস্থিতিতে বদলাচ্ছে জিটিএ
গেমটির আলোচনায় থাকার আরেকটি বড় কারণ এর চরিত্র ও গল্পের পরিবর্তন। জিটিএ-৬-এর গল্পের পটভূমি ‘লিওনিডা’। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাকে ভিত্তি করে তৈরি এই কাল্পনিক অঞ্চলে দুই প্রধান চরিত্র লুসিয়া কামিনোস ও জেসন ডুভালের গল্প এগিয়ে যায়। তারা অপরাধজগতের দুই সহযোগী, পাশাপাশি প্রেমের সম্পর্কেও জড়িত। তাদের সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হবে, সেটি অনেকটাই খেলোয়াড়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
এই গেমের অন্যতম বড় পরিবর্তন লুসিয়া। জিটিএ সিরিজে এবারই প্রথম একজন নারীকে পূর্ণাঙ্গ প্রধান চরিত্র হিসেবে সামনে আনা হয়েছে। গেমারদের পরিবর্তনশীল ধরনও এতে প্রতিফলিত হয়েছে। গেমটি মুক্তির আগে বেইনের এক জরিপে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে জিটিএ-৬-এর খেলোয়াড়দের প্রায় ৪০ শতাংশ নারী হতে পারেন।
টেনেসি বিশ্ববিদ্যালয়ের নক্সভিল ক্যাম্পাসের অধ্যাপক তোরে ওলসন বলেন, জিটিএর শুরুর কয়েক দশকে গেমটি মূলত তরুণ পুরুষদের জন্য তৈরি এবং তাদের দ্বারাই খেলা হতো। সেই সময়ের গেমগুলোতে নারীদের উপস্থাপন ছিল যৌন আবেদননির্ভর। তাদের চরিত্রে বৈচিত্র্য বা গভীরতা খুব একটা ছিল না।
সময়ের সঙ্গে জিটিএর গ্রাফিকস ও খেলার ধরনে যেমন পরিবর্তন এসেছে, তেমনি সমাজের প্রতিফলনেও এসেছে পরিবর্তন। তবে মার্কিন সংস্কৃতিকে ব্যঙ্গ করার পুরোনো প্রবণতা এখনো ধরে রেখেছে সিরিজটি।
মায়ামিতে বুধবার সন্ধ্যায় জিটিএ-৬-ভিত্তিক এক ক্রীড়া অনুষ্ঠানে মিয়া পাজান বলেন, তিনি আগে ‘ভাইস সিটি’, ‘সান আন্দ্রেয়াস’ ও ‘জিটিএ ৪’ খেলেছেন। এবার লুসিয়ার চরিত্রে তিনি নিজের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন।
মিয়া বলেন, “আমি লাতিনা। আর এখন এখানে আসার কারণ হলো, অবশেষে আমরা মূলধারার গেমে প্রকৃত হিস্পানিক প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছি। ব্যক্তিগতভাবে লুসিয়ার সঙ্গে আমার অনেক মিল খুঁজে পাই।”
তবে গেমটির এই পরিবর্তন সবাই ভালোভাবে নেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু খেলোয়াড় জিটিএ-৬-এর আরও অন্তর্ভুক্তিমূলক চরিত্র ও গল্পের সমালোচনা করেছেন। কেউ কেউ এটিকে ‘ওক’ বলে মন্তব্য করেছেন। জেসনের জন্য লুসিয়ার প্রতি যত্নশীল ও সহায়ক প্রেমিক হওয়ার সুযোগ রাখার বিষয়টিও কারও কারও অপছন্দ হয়েছে।
তবে গেমটিতে খেলোয়াড়দের সামনে একাধিক পথ খোলা রয়েছে। সম্পর্কের বিভিন্ন দিক থেকে শুরু করে অপরাধে জড়ানো— কোন পথে এগোবেন, তার অনেকটাই ঠিক করতে পারবেন খেলোয়াড় নিজেই।
কেউ চান বিশৃঙ্খলা, কেউ চান নতুন জগৎ
জিটিএ-৬ নিয়ে প্রত্যাশা পূরণের পাশাপাশি খেলোয়াড়দের চাহিদার ভিন্নতাও সামনে এসেছে। কেউ হয়তো পুরোনো গেমগুলোর বিশৃঙ্খল পরিবেশ কিংবা অনলাইনে একসঙ্গে খেলার সুযোগ বেশি পছন্দ করেন। আবার কেউ চান গেমের তৈরি করা বিশাল জগতে সময় কাটাতে, নতুন কিছু আবিষ্কার করতে।
নাইটিঙ্গেলও দ্বিতীয় দলের। তার কাছে গেমটির সবচেয়ে বড় আকর্ষণ শুধু মিশন বা অপরাধের সুযোগ নয়, বরং নির্মাতাদের তৈরি করা পুরো জগৎ।
তিনি বলেন, “অন্যরা হয়তো সেটা চাইবে। কিন্তু আমার মতো কেউ কেউ তারা যে দুনিয়া তৈরি করেছে, তার মধ্যে পুরোপুরি ডুবে যেতে চায়।”
বার্তা সংস্থা রয়টার্স অবলম্বনে














