শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, যোগ দিলেন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সেনানিবাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর আগে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বার্তায় জানানো হয়েছে, সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে তিনি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন।
পরে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।








Md.AliHossainFakir.(2)-f9a867-256x144.webp)



