অভিবাসন আইন লঙ্ঘন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯ দেশের ১৪৭ প্রবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের (জিম) এক বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৯টি দেশের ১৪৭ জন প্রবাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) গোম্বাক এলাকার বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, নাইজেরিয়া ও চীনের নাগরিক রয়েছেন।
অভিযানে ইমিগ্রেশন বিভাগ ছাড়াও পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন সংস্থার মোট ১৭৭ জন কর্মকর্তা অংশ নেন। ভোরের আলো ফোটার আগেই আবাসিক এলাকা, নির্মাণ সাইট ও ব্যবসাপ্রতিষ্ঠান ঘিরে ফেলে শুরু হয় সাঁড়াশি অভিযান।
সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক তুয়ান খাইররুল আমিনুস বিন কামারুদ্দিন বলেন, অবৈধ প্রবাসী ও নথিবিহীন শ্রমিক নিয়োগের বিরুদ্ধে সরকার আপসহীন। এ ধরনের অভিযান নিয়মিত, ধারাবাহিক এবং আরও বড় পরিসরে চালানো হবে।
আটক সবাইকে প্রাথমিক যাচাই ও তদন্তের জন্য সেমেন্যিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। কাগজপত্রে অনিয়ম প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা ও বহিষ্কার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

















