যৌথ মহড়া বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে: প্রধানমন্ত্রী
-00e0f6-480x270.webp)
তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ মহড়া দেশের সামরিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একসঙ্গে এই মহড়ায় অংশ নিয়েছেন। এর সাক্ষী হতে পেরে তিনি ব্যক্তিগতভাবে গর্বিত।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’
তারেক রহমান বলেন, এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের যৌথ অনুশীলন তিন বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও বাড়াবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতিও আরও কার্যকর হবে।
এটিভি চালিয়ে ৮ কিলোমিটার পথ পাড়ি
মহড়া দেখতে স্বর্ণদ্বীপে বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান এটিভি চালিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে চালকের আসনে বসে তিনি প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত ৮ কিলোমিটার এটিভি ভেহিকল মডেলের (বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান) সেনা যান চালিয়ে আসেন। এই সময়ে প্রধানমন্ত্রীর পাশের আসনের ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।”
ধানখেতের পাশ দিয়ে আঁকাবাঁকা কাদামাটির পথ ধরে ধীরগতিতে যানটি চালান প্রধানমন্ত্রী। পরে তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং মহড়ার বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।
উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করেছেন। তিনি তিন বাহিনীর মহড়াস্থল ঘুরে দেখছেন।”
সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক এই মহড়ার চূড়ান্ত অনুশীলনে অংশ নিয়েছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিট ‘৫০১ এয়ার রেজিমেন্ট’।















