গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এ ক্ষেত্রে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাতে প্রতিনিধিদলের সদস্যরা বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বিশেষ করে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারক সংকটের কারণে মামলাজট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবিদাওয়ার বিষয়টি রাষ্ট্রপতিকে জানান। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। একই সঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হওয়া উচিত নয়।
তিনি বলেন, আইনজীবীরা ইচ্ছা করলে অনেক কিছু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পেশাদারিত্ব ও সেবার মানসিকতা বজায় রেখে আইনের শাসন ও গণতন্ত্রের পক্ষে আপসহীন ভূমিকা পালনের জন্য তিনি তাঁদের প্রতি আহ্বান জানান।
নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে আইনজীবীদের সহযোগিতা ও আন্তরিকতার কথা স্মরণ করেন রাষ্ট্রপতি।
জুলাই গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে মানবিক মূল্যবোধ বিকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার নতুন সুযোগ তৈরি হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
হিংসা ও প্রতিশোধের বিপরীতে আইনের শাসনের পক্ষে বেগম খালেদা জিয়ার অবস্থানের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি এখন নতুন করে চোখ রাঙাচ্ছে কিন্ত সবাই ঐক্যবদ্ধ থাকলে তা সফল হওয়ার সুযোগ নেই।
সাক্ষাতে আইনজীবী সমিতির নেতারা তাদের আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাসস।









-00e0f6-256x144.webp)




