বিরোধী দল দমনে শেখ হাসিনার হাতিয়ার ছিলেন জিয়াউল: চিফ প্রসিকিউটর

বিরোধী দল দমন-পীড়নে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। তার হাতে সরাসরি ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার দাবি, সাক্ষীদের বর্ণনায় জিয়াউল আহসানের বিভিন্ন অপরাধ ও নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডের তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে একের পর এক অপকর্ম করেছেন জিয়াউল আহসান। তার সহযোগী কমান্ডার সোহেল নিজের আজ্ঞাবহ কয়েকজন সাংবাদিককে নিয়ে নৌকায় চরদুয়ানীসহ বিভিন্ন অপারেশনে যেতেন। ফিরে এসে ওই সাংবাদিকরা নিজেদের ভাষ্যমতো সংবাদ প্রচার করতেন এবং প্রকৃত ঘটনা গোপন রাখতেন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির ও মেজর দেলোয়ার হোসেনসহ অন্য সাক্ষীদের বক্তব্যেও তাঁর নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডের বিষয়টি উঠে এসেছে।
হত্যার অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যে পাওয়া তথ্য অনুযায়ী, জিয়াউল আহসানের হাতে সরাসরি ১১৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সাক্ষীদের বর্ণনা পর্যালোচনা করে তার ধারণা, বিভিন্ন সময়ে ১৫০ থেকে ২০০ জনকে নির্বিচারে হত্যা করেছেন জিয়াউল আহসান। তবে তাদের মধ্যে প্রায় ১১৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। সাক্ষীরা তার দানবীয় কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেছেন বলেও জানান তিনি।
আমিনুল ইসলাম আরও বলেন, এত অপরাধের পরও বারবার পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন জিয়াউল আহসান। মাতৃবাহিনীতে না গিয়ে স্বৈরাচারী কায়দায় দীর্ঘদিন তৎকালীন র্যাবে ছিলেন তিনি। শেখ হাসিনার চাহিদা অনুযায়ী বিরোধী রাজনৈতিক দল দমনে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছেন। সেনাপ্রধানও বলেছিলেন, জিয়াউল আহসান তার নিয়ন্ত্রণে ছিলেন না। তিনি ডিপ টেস্টের অন্যতম সদস্য হিসেবেও পরিচিত ছিলেন।
বাংলাদেশের ইতিহাসে গুমের ঘটনায় ট্রাইব্যুনালে প্রথম যুক্তিতর্ক এই মামলাতেই হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর। তার ভাষ্য, জিয়াউল আহসানের মামলার মধ্য দিয়েই গুমের বিচার শুরু হয়েছে। এ মামলায় সামরিক কর্মকর্তাদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ, কারণ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরাই এসব বিষয়ে জানতেন। এ কারণে তাদের কয়েকজনকে আসামির পরিবর্তে সাক্ষী করা হয়েছে। অপরাধের সহযোগীদের সাক্ষী করার বিধান দেশের ফৌজদারি বিচারব্যবস্থায় রয়েছে।













