অটিজমে অবদানে ২ আন্তর্জাতিক সম্মাননা পেলেন ইয়াশা সোবহান

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, বিকাশ ও সামাজিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে দুটি আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান।
সম্মাননা দুটি হলো ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৬’ এবং যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে দেওয়া ‘ডক্টর অব ফিলোসফি ইন সোশ্যাল ওয়ার্কস (Honoris Causa)’। সামাজিক কল্যাণে উদ্যোগ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভূমিকার জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের দ্য রিটজ-কার্লটন হোটেলে আয়োজিত ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স-২০২৬’-এর ৪৩তম আসরে ইয়াশা সোবহানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশ্বের বিভিন্ন দেশের পেশাজীবী ও কৃতী ব্যক্তিদের সম্মানিত করতে এ আয়োজন করা হয়।
বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, পরিচর্যা ও সামগ্রিক বিকাশে কাজ করছেন ইয়াশা সোবহান। শিশুদের নিজস্ব সক্ষমতা ও সম্ভাবনা বিকাশের পাশাপাশি তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি এবং সমাজে মর্যাদার সঙ্গে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করাও তার উদ্যোগের অংশ।
ফাউন্ডেশনটির লক্ষ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যেন অন্যদের মতো শিক্ষা গ্রহণ, নিজেদের দক্ষতা বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সমান সুযোগ পায়। এ লক্ষ্য সামনে রেখে শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক উদ্যোগেও যুক্ত ইয়াশা সোবহান। তিনি সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি সামাজিক কল্যাণে তার সম্পৃক্ততা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে নেওয়া উদ্যোগেও প্রতিফলিত হচ্ছে।
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা দুটি তার সামাজিক উদ্যোগকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে। একই সঙ্গে শিশুদের অধিকার, বিকাশ এবং সমাজের মূলধারায় অন্তর্ভুক্তির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।













-c173ff-256x144.webp)
