বুধবার চালু হতে পারে ঢাকা-রিয়াদ ফ্লাইট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৮: ৪৮
বুধবার চালু হতে পারে ঢাকা-রিয়াদ ফ্লাইট

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার কারণে বন্ধ থাকা রিয়াদ-ঢাকা রুটে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট বুধবার থেকে চালু হতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের এক বার্তায় বলা হয়, সবকিছু ঠিক থাকলে বুধবার থেকে রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল শুরু হতে পারে।

এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার পর ঢাকা থেকে দেশটির বিভিন্ন গন্তব্যে এ পর্যন্ত ১৪৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২৪১ জন যাত্রী।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিত ফ্লাইটের মধ্যে ৬৯টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১১টি রয়েছে।

হামলার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪ নভেম্বর পর্যন্ত দাম্মাম ও রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে। অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্স এ দুই রুটে ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভিসাসংক্রান্ত সমস্যা থাকলে বা জরুরি প্রয়োজনে সৌদি আরব যেতে হলে যাত্রীরা জেদ্দা হয়ে যেতে পারবেন। এ রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

একইভাবে বিমানের যাত্রীরাও জরুরি প্রয়োজনে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে এবং বাংলাদেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ট্রানজিট ফ্লাইটও বাতিল

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিত হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের। ভারতীয় এই সংস্থার ৩০টি ফ্লাইট বাতিল হয়েছে।

এ ছাড়া ইমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad