পোশাকশ্রমিকদের মজুরি ১৮৫৭৮ থেকে ২৪২০৪ টাকার মধ্যে রাখার প্রস্তাব সিপিডির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৫: ২৭
রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, চার সদস্যের পরিবারের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদা মেটানোর পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রাখতে একজন শ্রমিকের মাসিক মজুরি ২৪ হাজার ২০৪ টাকা হওয়া প্রয়োজন।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনের এসব প্রস্তাব তুলে ধরা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

গবেষণায় জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য মজুরির তিনটি স্তর নির্ধারণ করেছে সিপিডি। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা মজুরির ক্রয়ক্ষমতা বর্তমান বাজারে ধরে রাখতে হলে ন্যূনতম মজুরি হতে হবে ১৬ হাজার ৩৫১ টাকা। তবে এই পরিমাণ মজুরিতে শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়বে না, কেবল আগের ক্রয়ক্ষমতা বজায় থাকবে। অন্যদিকে চার সদস্যের পরিবারের উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে টিকে থাকার ন্যূনতম ব্যয় মেটাতে একজন আয়কারীর মাসিক আয় প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।

সংবাদ সম্মেলনে ড. নাজনীন আহমেদ বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব করছেন তাঁরা। তার মতে, মজুরি নির্ধারণে কোনো পক্ষের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা সংঘাতময় প্রক্রিয়া অনুসরণ করা উচিত নয়। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের মুখে তাড়াহুড়ো করে মজুরি বোর্ড গঠনের প্রচলিত প্রক্রিয়া দীর্ঘ মেয়াদে সংকটের সমাধান করে না।

মজুরি নির্ধারণে দুই পক্ষের অবস্থান তুলে ধরে নাজনীন আহমেদ বলেন, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে পোশাকের দরপতনের কারণে বাড়তি মজুরির চাপ বহন করা কঠিন বলে মনে করছে মালিকপক্ষ। অন্যদিকে শ্রমিকদের দাবি, খাদ্য ও বাসস্থানের ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার প্রয়োজনীয় খরচ মেটানোর মতো মজুরি নিশ্চিত করতে হবে।

নাজনীন আহমেদ বলেন, ‘আমরা মনে করি, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্য হওয়া উচিত শ্রমিকদের জীবন ধারণের উপযোগী মজুরির দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ এমন একটি মজুরি নিশ্চিত করা, যাতে শ্রমিকেরা পুষ্টিমান বজায় রেখে মানবিক ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারেন।’ তিনি আরও বলেন, ‘আমরা “দর-কষাকষি” শব্দটি ব্যবহার করতে চাই না; বরং দুই পক্ষের পর্যালোচনা ও আলোচনার ভিত্তিতে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে একটি গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের কথা বলছি।’

২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর চলতি বছরের অক্টোবরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকেরা। পরে সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। শ্রমিকপক্ষ বোর্ডে ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে। তবে মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব এখনো পাওয়া যায়নি। পোশাক খাতে স্থায়ী শ্রমিক-শান্তি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে সিপিডি মজুরি পুনর্বিবেচনার অন্তত ছয় মাস আগে বোর্ড গঠন, আবেগ বা চাপের বদলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নির্ভরযোগ্য উপাত্তের ভিত্তিতে মজুরি নির্ধারণ এবং শ্রমিক পরিবারের প্রকৃত সদস্যসংখ্যা ও আয়কারীর সংখ্যা বিবেচনার সুপারিশ করেছে।

এ ছাড়া বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত ১১টি মানদণ্ড, যেমন মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও ব্যবসার সক্ষমতা পরিমাপের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি প্রণয়নের সুপারিশ করেছে সংস্থাটি। আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে ন্যায্যমূল্য দেওয়া এবং শ্রম ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সোর্সিং নীতি পরিবর্তনের কথাও বলেছে সিপিডি। সংস্থাটির মতে, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা জরুরি। একই সঙ্গে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার প্রস্তুতি হিসেবে পোশাক কারখানায় শোভন কাজের পরিবেশ ও শ্রমিকদের জীবনধারণের উপযোগী মজুরি (লিভিং ওয়েজ) নিশ্চিত করতে হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad