তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া দেখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে দ্বীপটির উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
উপপ্রেস সচিব জানান, সশস্ত্র বাহিনীর বিশেষায়িত বাহিনীগুলোর সমন্বয়ে এই মহড়ার আয়োজন করা হয়েছে। মহড়া পরিদর্শনের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। এ সময় অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন তিনি।
বিশেষ এই মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত এক যুগের বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর সদস্যদের অংশগ্রহণে যৌথ অনুশীলন হয়েছে। তবে এবারের মহড়ায় প্রথমবারের মতো সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস ও বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একসঙ্গে অংশ নিচ্ছে।
মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বাসস।










-78eff2-256x144.webp)

