‘গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা’, ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চায় জামায়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ জামায়াতে ইসলামী। লোগো
বাংলাদেশ জামায়াতে ইসলামী। লোগো

জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান ‘সেই নেতারই ৭০০টি অটোরিকশা আছে’ জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছে দলটি।

জামায়াত বলেছে, কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে ইঙ্গিত করে তার ব্যক্তিগত মালিকানায় ৭০০ অটোরিকশা থাকার মতো গুরুতর অভিযোগ উত্থাপন করার আগে এর সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা অপরিহার্য।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাই চিত্রাঙ্কন কর্মসূচিতে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, “একটা বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, তিনি বললেন— ‘অটোরিকশাওয়ালাদের যেই দাবি, সেটা সরকারকে মানা উচিত’।”

‘…এটা একটা হাস্যকর একটা বক্তব্য। পরে অনুসন্ধানে দেখা গেছে, ওই নেতার নাকি ৭০০টা অটোরিকশা আছে। আমরা মনে করি এই ধরনের— জনগণের কাছে খোলস বদলিয়ে বারবার পার পাওয়া যাবে না,’ বলেন ডিএনসিসি প্রশাসক।

ডিএনসিসি প্রশাসকের এই বক্তব্যের প্রতিবাদে এ দিন সন্ধ্যায় জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ডিএসসিসি প্রশাসকের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে বলে প্রতীয়মান হয়। আমরা এ ধরনের কাল্পনিক, অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিজ্ঞপ্তিতে জামায়াত বলেছে, ‘একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে ডিএনসিসি প্রশাসকের কাছ থেকে জনগণ দায়িত্বশীল, তথ্যনির্ভর ও শালীন বক্তব্য প্রত্যাশা করে। কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে ইঙ্গিত করে তার ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার মতো গুরুতর অভিযোগ উত্থাপন করার আগে এর সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা অপরিহার্য। অথচ এ ধরনের বক্তব্যের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপন না করে মন্তব্য করা দায়িত্বশীল আচরণের পরিচায়ক নয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘অটোরিকশা চলাচল, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চালকদের জীবিকা-সংশ্লিষ্ট সমস্যাগুলো বাস্তবতা ও জনস্বার্থের আলোকে বিবেচনা করা প্রয়োজন। এসব বিষয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্য বা অবস্থানকে খণ্ডন করতে হলে যুক্তি, তথ্য ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে তা করা উচিত; কোনো নেতার বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ তুলে নয়।’

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানকে তার বক্তব্যের সপক্ষে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপন করার আহ্বান জানিয়েছে জামায়াত। প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হলে তার বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করার দাবি জানায় দলটি।

উল্লেখ্য, এর আগে গত ৫ অক্টোবর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অটোরিকশা চালকদের দাবির বিষয়ে বলেছিলেন, ‘অটোরিকশা চালকদের যে দাবি, আমি মনে করি— সরকারের এ সমস্ত দাবি মেনে নেওয়া উচিত।’

এদিকে আজ শুক্রবার জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ‘স্বাধীনতার অর্থ যা ইচ্ছা তা করার সুযোগ নয়’ বলে মন্তব্য করেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম— বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পূর্ণাঙ্গ গণতন্ত্র, স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়া হবে। তার মানে এই নয়— যা ইচ্ছা তাই করবে।’

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ‘অটোরিকশা আন্দোলনের নামে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-নেতাদের সেদিন দেখা গিয়েছিল। বাংলাদেশের একজন মানুষও নেই যে অটোরিকশার পক্ষে রাস্তায় গিয়ে আন্দোলন করবে। সেদিন কারা ছিল? বড় বড় দাড়ি, মাথায় টুপি; পাশে তীর চিহ্ন দেওয়া তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু ইতিমধ্যেই বের হয়ে গেছে।’

জামায়াতকে ইঙ্গিত করে শফিকুল ইসলাম খান আরও বলেন, একটি রাজনৈতিক দল ফুটপাতের দোকানিদের ডেকে এনে ‘অনৈতিক কাজে’ উৎসাহিত করার চেষ্টা করছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement