গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়িতে আগুন

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন দিয়েছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন গলিতে ছড়িয়ে পড়েন। তবে সুযোগ পেলেই তারা আবার সড়কে নেমে আসছেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে ডেগেরচালা রোড এলাকায় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন দেওয়া হয়।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম জানান, সকালে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
তিনি বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলেও তারা আশপাশের গলিগুলোতে অবস্থান নিয়েছেন। সুযোগ পেলেই আবার সড়কে নেমে আসছেন। বেলা সোয়া ১১টার দিকেও শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ভোগড়া মডেল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করছিলেন। পরে সকাল ৯টার দিকে তাঁরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও সাধারণ মানুষ।
১০ কারখানায় ছুটি, ৩৯টি বন্ধ
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় বুধবার ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া গত মঙ্গলবারের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আর মঙ্গলবারের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।














