মহাকাশে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
-32c127-480x270.webp)
দেশে তৈরি স্যাটেলাইট আগামী তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এভিয়েশন ও এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রযুক্তিগত বিপ্লবের এই যুগে, আমাদের তারুণ্য যদি যথাযথ, তাত্ত্বিক শিক্ষা, গবেষণার সুযোগ এবং আধুনিক ল্যাব বা ইনকিউবেশনের সহায়তা পায়, তবে তারা কেবল এভিয়েশন বা মহাকাশ বিজ্ঞানী নয়, বরং বৈশ্বিক উদ্ভাবনের প্রতিটি ক্ষেত্রেই এক অনন্য, বিপ্লব ঘটাতে সক্ষম। প্রয়োজন শুধু একটি কার্যকর এবং মেধাভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলা। বর্তমান সরকার সেই ইকোসিস্টেম গড়ে তোলার কাজটাই করছে।’
তিনি বলেন, ‘বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছে। বিজ্ঞান এবং প্রযুক্তি আগামী বিশ্ব শাসন করবে। নিশ্চয় এটা আপনারা বুঝতে পারেন। সুতরাং বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হলো, নিজেকে পিছিয়ে রাখা, দেশকে পিছিয়ে রাখা। এমন বাস্তবতায়, আপনাদের প্রতি আমার আহ্বান, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করা এখন সময়ের দাবি।’
তিনি আরও বলেন, ‘শুধু বিমান চালনা বা পরিচালনা নয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সুন্দর পরিবেশ, সহযোগিতা পেলে আমাদের তারুণ্য একদিন আকাশ জয় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ।’
বাংলাদেশের নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে সরকারপ্রধান বলেন, ‘ইনশা আল্লাহ আগামী তিন বছরের মধ্যে, আমরা নিজের দেশে তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাবো। একজনও বিদেশি না, প্রত্যেকটি বিজ্ঞানী আমাদের দেশি, এবং এই দেশি বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আমরা আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে আমরা আকাশে পাঠাবো।’
তিনি বলেন, ‘এভিয়েশন এবং অ্যারোস্পেস, কেবল এই দুটি প্রযুক্তিগত ক্ষেত্র নয়। এগুলো মানবজাতির জ্ঞান, উদ্ভাবনী শক্তি, সাহস এবং সুদূরপ্রসারী স্বপ্নের বাস্তব প্রতিফলন। বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে, বাংলাদেশকে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান, এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেইভাবে আমরা কাজ করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্বে, এভিয়েশন শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং, এটি আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, কূটনীতি এবং অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশের জন্য, বিশেষ করে আজকে আপনাদেরকে (বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের) দেখার পরে, আমি আরও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের জন্য, এভিয়েশন এবং অ্যারোস্পেস খাত, একটা সম্ভাবনাময় খাত। আমাদের দেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং, পর্যটন শিল্পের বিকাশ এই খাতের গুরুত্বকে আরও অনেক বাড়িয়ে তুলেছে।’















