রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক ভূমিকা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে লাখ লাখ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়ে বাংলাদেশ গুরুতর সংকট মোকাবিলা করছে।
সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে মিয়ানমারের চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়।
বিশেষ দূত জুলি বিশপ মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতি তুলে ধরে বলেন, সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
বৈঠকে সীমান্ত এলাকায় ল্যান্ডমাইনের বিস্তার, মানব পাচার ও মাদক পাচার এবং এসব সমস্যার আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব নিয়েও উদ্বেগ জানানো হয়।
রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার পরিবেশ তৈরিতে রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন বৈঠকে অংশগ্রহণকারীরা।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক, সিনিয়র পলিটিক্যাল অ্যাফেয়ার্স অফিসার ডানকান কিথ উইলসন এবং ইউএনএইচসিআরের উপপ্রতিনিধি জুলিয়েট মুরেকিয়সোনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










-fd5a3d-256x144.webp)

-ab93c9-256x144.webp)



