নারায়ণগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সোমবার নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। নিজের প্রথম দুর্গাপূজা উদযাপনের অভিজ্ঞতা জানিয়ে তিনি মণ্ডপের সাজসজ্জা, নৃত্যশিল্পী ও স্থানীয়দের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন।
সোমবার দুপুরে পূজামণ্ডপ পরিদর্শনকালে ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে এটিই তার প্রথম দুর্গাপূজা। এমন একটি জায়গায় যেতে চেয়েছিলেন, যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি। মণ্ডপের আয়োজন ও পরিবেশ দেখে তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন বলেও জানান।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, তাঁদের আতিথেয়তা এবং উৎসবের অংশ হওয়ার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ।
এর আগে সোমবার নারায়ণগঞ্জ শহরের শতবর্ষী ঐতিহ্যবাহী বোস কেবিন পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডিয়ানি ক্রিস্টেনসেন ও সফরসঙ্গীরা। সেখানে তিনি চা পান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবির কুমার সাহাসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতারা।
এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘর এবং রূপগঞ্জের জামদানি শিল্প পরিদর্শন করেন।
















