সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্য সংগ্রহ করছে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে সরকারের সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চলছে। সৌদি আদালতের রায়ের অনুলিপি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের আলোচনাও হয়েছে। বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, সৌদি আরবের আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে আদালতের রায়ের কপি পাওয়ার পরই পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ চূড়ান্ত করা হবে।
শামা ওবায়েদ আরও জানান, সৌদি কর্তৃপক্ষ দেশটির কারাগারে আটক ও গ্রেপ্তার বাংলাদেশি নাগরিকদের নাম-পরিচয়ের তালিকা নিয়মিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই ব্যক্তির নাম সরকারি তালিকায় রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে আরও তথ্য চাওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশি কর্মীদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের মনোভাব ইতিবাচক। সাম্প্রতিক সময়ে প্রায় চার লাখ বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন।
বিদেশে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু বা দুর্ঘটনার ঘটনায় তাঁদের পরিবারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত যোগাযোগ রাখে বলেও জানান তিনি। ২০২৩ সালে সৌদি আরবে নিহত এক বাংলাদেশি কর্মীর পরিবারের জন্য কূটনৈতিক মধ্যস্থতায় ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। ওই কর্মীর দুই ছোট সন্তান রয়েছে। সোমবার তাঁর স্বজনেরা ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করেছেন।
এ ছাড়া সৌদি আরবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গেও মন্ত্রণালয় যোগাযোগ রাখছে বলে জানান প্রতিমন্ত্রী।
এদিকে, কাতারে গ্রেপ্তার হওয়া বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানকে দেশে ফেরানোর বিষয়ে প্রশ্ন করা হলে শামা ওবায়েদ বলেন, ইন্টারপোল-সংশ্লিষ্ট বিচারিক ও আইনি বিষয়গুলো মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে বাংলাদেশের মিশনগুলো বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহায়তা চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তা দিতে প্রস্তুত রয়েছে।
















