৩ জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
-fd5a3d-480x270.webp)
রাজধানী ঢাকার বাইরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই দিনে তিন জেলায় সংক্ষিপ্ত সফরে গিয়ে পূজারি ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সফর শুরু করবেন প্রধানমন্ত্রী। প্রথমে রংপুর যাবেন তিনি। এরপর রাজশাহী হয়ে চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে তার।
আতিকুর রহমান রুমন বলেন, ‘‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয়া দুর্গাপূজার পূজা মণ্ডপ দেখতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজা মণ্ডপগুলোতে পূজারিদের শুভেচ্ছা জানাবেন, তাদের সাথে কুশল বিনিময় করবেন।”
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।
আগামীকাল মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী। পরদিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।












-ab93c9-256x144.webp)



