সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সিদ্দিকী নাজমুল আলম। ছবি: সংগৃহীত
সিদ্দিকী নাজমুল আলম। ছবি: সংগৃহীত

সম্পদের বিবরণীতে অসংগতিপূর্ণ তথ্য দেওয়া এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল রোববার কমিশন এ মামলার অনুমোদন দেয়।

দুদক সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় নাজমুল আলমের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। দুদকের উপপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. খায়রুল হক স্বাক্ষরিত অনুমোদনপত্রে বলা হয়, অনুসন্ধান কর্মকর্তার জমা দেওয়া প্রতিবেদন ও অন্যান্য নথি পর্যালোচনা করে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

আইনের ২৬(২) ধারায় সম্পদের বিবরণী জমা না দেওয়া বা তাতে মিথ্যা তথ্য দেওয়ার শাস্তির বিধান রয়েছে। অন্যদিকে ২৭(১) ধারায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধ ও শাস্তির কথা বলা হয়েছে।

নাজমুল আলম ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ওই সময়ে তার বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। তিনি ফার্মার্স ব্যাংকের পরিচালকও ছিলেন। পরে ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয়।

এর আগে দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ৫ অক্টোবর নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের আবেদনে বলা হয়েছিল, বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে জমা দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া বিদেশে অর্থ পাচার করে সম্পদ অর্জনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগেও নাজমুল আলমের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement