পাকিস্তানে স্পিকারের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান, ব্যাখ্যা দাবি প্রগতিশীল শিক্ষক সমাজের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ। লোগো
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ। লোগো

পাকিস্তান সফরে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ। পাশাপাশি এ বিষয়ে তার কাছে যথাযথ ব্যাখ্যাও দাবি করা হয়েছে।

সংগঠনটি বলছে, সম্প্রতি পাকিস্তান সফরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ইতিহাস বিকৃতি ও ভারতের ভূমিকা প্রসঙ্গে যে নেতিবাচক মন্তব্য করেছেন, তা আমাদের গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন করেছে। ওই বক্তব্যের জন্য স্পিকারকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের সভাপতি অধ্যাপক ড. এম অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানের সই করা এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত ভাষ্য অনুযায়ী, একাত্তরে ভারত বাঙালির পাশে দাঁড়ানোর চেয়ে পাকিস্তানকে দুর্বল করার অভিপ্রায় থেকেই বেশি সক্রিয় ছিল বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন। এ ধরনের বক্তব্য আমাদের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বাস্তবতা, আন্তর্জাতিক সমর্থন এবং স্বাধীনতা সংগ্রামে ভারতের বহুমুখী অবদানকে আড়াল করার এক অনাকাঙ্ক্ষিত প্রবণতা তৈরি করে।

অধ্যাপক অহিদুজ্জামান ও অধ্যাপক মাহবুবর বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই— ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ, স্বাধীনতা ও মুক্তির এক অবিস্মরণীয় সংগ্রাম; যার মূল চালিকাশক্তি ছিল এ দেশের মানুষের সীমাহীন আত্মত্যাগ। পাশাপাশি প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দান, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান এবং চূড়ান্ত বিজয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের মতো ঐতিহাসিক বাস্তবতা অস্বীকার করার কোনো অবকাশ নেই।

পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে স্পিকারের মন্তব্যকে অত্যন্ত স্পর্শকাতর ও রাষ্ট্রীয় দায়িত্বশীলতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে অভিহিত করেছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক।

সংগঠনের শীর্ষ দুই নেতা বলেন, জাতীয় সংসদের স্পিকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তির বক্তব্যে রাষ্ট্রের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও কূটনৈতিক সংবেদনশীলতার প্রতিফলন থাকা জরুরি। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐতিহাসিক সৌহার্দ্য এবং দুই দেশের মানুষের আত্মত্যাগ ও সহযোগিতার ভিত্তির ওপর সুদৃঢ় হোক। সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন কিংবা রাজনৈতিক মতপার্থক্যের অজুহাতে ১৯৭১ সালের ঐতিহাসিক সত্যকে খাটো করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো একক ব্যক্তির রাজনৈতিক পর্যালোচনার বিষয় নয়, এটি আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব, জাতীয় পরিচয় এবং আগামী প্রজন্মের অমূল্য ঐতিহ্য। সে কারণেই আমরা স্পিকার হাফিজ উদ্দিনের এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও প্রত্যাখ্যান করছি।

একই সঙ্গে এ মন্তব্যের ঐতিহাসিক ভিত্তি ও প্রেক্ষাপট স্পষ্ট করে স্পিকারকে যথাযথ ব্যাখ্যা প্রদান এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবিও জানিয়েছেন অধ্যাপক অহিদুজ্জামান ও অধ্যাপক মাহবুবর। তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সুসংহত রাখা, বস্তুনিষ্ঠ ইতিহাসচর্চা বজায় রাখা এবং স্বাধীনতার সংগ্রামে আন্তর্জাতিক সহযোগিতার প্রাপ্য স্বীকৃতি নিশ্চিত করা আমাদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গীকার।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad