স্পিকারের পাকিস্তান সফর ও বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয়েছে: সিপিবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহম বীর বিক্রমের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তান সফর এবং সেখানে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

দলটি বলছে, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহিদের রক্তে অর্জিত বাংলাদেশের জাতীয় সংসদের অভিভাবক হয়ে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খণ্ডিত করা এবং একাত্তরে সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও ক্ষমা চাওয়ার প্রশ্নকে আড়াল করা জাতির জন্য চরম অবমাননাকর।

রোববার (২৯ নভেম্বর) সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, স্পিকারের পাকিস্তান সফর ও বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

সাজ্জাদ জহির চন্দন ও আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, ইসলামাবাদে স্পিকার বলেছেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, পাকিস্তানকে দুর্বল করেছে। করাচির সিন্ধু অ্যাসেম্বলিতে তিনি বলেছেন, আমরা অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি।

বিবৃতিতে সিপিবি নেতারা প্রশ্ন তুলেছেন, এই সিদ্ধান্ত কে নিলো, কোথায় নিলো? কার স্বার্থে অতীতকে ভুলতে হবে? বাংলাদেশের জনগণ কিংবা জাতীয় সংসদ কখনো এমন সিদ্ধান্ত নেয়নি। ৩০ লাখ শহিদ আর দুই লাখ নির্যাতিত মা-বোনের আত্মত্যাগ ভুলে যেতে বলার অধিকার কারও নেই।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান আজও ১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। এ বছরের মার্চেও পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ১৯৭১ সালকে জটিল ও নানা ব্যাখ্যার বিষয় বলেছে। সম্পদের ন্যায্য হিস্যা ও আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন প্রশ্ন আজও অমীমাংসিত। এসব প্রশ্ন না তুলে চিরকাল ভাই থাকার ঘোষণা দেওয়া এবং স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের অনেক কার্যক্রম শহিদদের প্রতি চরম অবমাননা।

সিপিবি নেতারা বলেন, এই প্রতিনিধিদলে আছে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ছেলে মুহাম্মদ নাজিবুর রহমান। যুদ্ধাপরাধীদের উত্তরসূরিদের নিয়ে পাকিস্তান সফর এবং সেখানে অতীত ভোলার ঘোষণা কোনো কাকতালীয় বিষয় নয়। এটি মুক্তিযুদ্ধের প্রতি এ দেশের মানুষের অঙ্গীকার মুছে দেওয়ার একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা।

সাজ্জাদ জহির চন্দন ও আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশকে প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব দিয়েছেন এবং প্রায় ২৬টি সমঝোতা স্মারক চূড়ান্ত করার কথা বলেছেন। একই সময়ে ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা সামরিক জোটের বৈঠক হয়েছে, যে জোটে যোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।

সিপিবি নেতারা আরও বলেন, সংবিধানের জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি লঙ্ঘন করে দেশকে কোনো সামরিক বলয়ে জড়ানো চলবে না। আলোচনাধীন সকল সমঝোতা স্মারক জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং প্রতিরক্ষা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তের আগে জাতীয় সংসদে প্রকাশ্য আলোচনা করতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, স্পিকার কোনো দলের মুখপাত্র নন, তিনি সংসদের অভিভাবক। বিদেশের মাটিতে দলীয় ও সাম্প্রদায়িক ভাষায় কথা বলা এবং আরেক দেশের বিরোধে পক্ষ নেওয়া তার পদের মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বিবৃতিতে সিপিবি নেতারা স্পিকারকে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়ে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে পাকিস্তানের কাছে গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, সম্পদের হিস্যা আদায় ও আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের দাবি রাষ্ট্রীয়ভাবে উত্থাপনের আহ্বান জানান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad