করাচিতে জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২১: ০১
করাচিতে মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজ
করাচিতে মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজ

পাকিস্তানের করাচিতে দেশটির প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গতকাল শুক্রবার ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে তিনি জিন্নাহর সমাধিসৌধ ‘মাজার-ই-কায়েদ’ পরিদর্শন করেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের খবরে (এপিপি) এ তথ্য জানানো হয়েছে। ঢাকায় পাকিস্তান হাইকমিশনও তাদের ফেসবুক পেইজে জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের পুষ্পস্তবক অর্পণের ছবি প্রকাশ করেছে।

জিন্নাহ পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা এবং দেশটির প্রথম গভর্নর জেনারেল ছিলেন। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়। ১৯৪৮ সালের ২১ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভায় জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলেন।

এর তিন দিন পর ২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে দেওয়া বক্তৃতাতেও তিনি একই অবস্থান তুলে ধরেন। জিন্নাহর এই অবস্থানের প্রতিবাদে বাঙালির ভাষা আন্দোলন আরও জোরালো হয়। পরবর্তী সময়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

এপিপির প্রকাশিত ছবি ও বিবরণ অনুযায়ী, পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ও তার সফরসঙ্গীরা ফাতেহা পাঠ করেন। পরে তারা সমাধিসৌধের জাদুঘর ঘুরে দেখেন। সেখানে জিন্নাহর জীবন, রাজনৈতিক আন্দোলন ও পাকিস্তান প্রতিষ্ঠার ইতিহাসের বিভিন্ন নিদর্শন ও স্মারক সংরক্ষিত রয়েছে।

জিন্নাহর সমাধি পরিদর্শনের সময় বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন সিন্ধু প্রাদেশিক পরিষদের সদস্য জাম শব্বির আলি খান ও পরিষদের মহাপরিচালক ইরফান আহমেদ মেমন।

সমাধি পরিদর্শন শেষে সিন্ধু প্রাদেশিক পরিষদে যান স্পিকার হাফিজ উদ্দিন। সেখানে তাকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ। পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই স্পিকারের বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক জোরদার, দুই দেশের আইনসভার মধ্যে সহযোগিতা বাড়ানো এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

পরে বাংলাদেশের প্রতিনিধিদল সিন্ধু প্রাদেশিক পরিষদের পুরোনো ও নতুন ভবন পরিদর্শন করে। এ সময় তাদের পরিষদের ইতিহাস, সংসদীয় কার্যক্রম এবং সংরক্ষিত বিভিন্ন ঐতিহাসিক নথি সম্পর্কে অবহিত করা হয়। বিশেষ করে ১৯৪৩ সালের ৩ মার্চ পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে সিন্ধু আইন পরিষদে প্রস্তাব গ্রহণের ইতিহাস তুলে ধরা হয়।

সফরকালে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যদের সিন্ধুর ঐতিহ্যবাহী টুপি ও আজরাক উপহার দেওয়া হয়। দুই দেশের স্পিকার পরস্পরের মধ্যে স্মারকও বিনিময় করেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের আমন্ত্রণে ২৩ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়েন হাফিজ উদ্দিন আহমদ। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

পাকিস্তানের জাতীয় পরিষদ এই সফরকে বাংলাদেশের কোনো সংসদ স্পিকারের প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর হিসেবে বর্ণনা করেছে। সফরের অংশ হিসেবে ইসলামাবাদ, লাহোর ও করাচিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে প্রতিনিধিদল। ইসলামাবাদে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে বৈঠকের পাশাপাশি জাতীয় পরিষদ ভবন পরিদর্শন করেন হাফিজ উদ্দিন। লাহোরে তিনি পাকিস্তানের জাতীয় কবি আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিসৌধও পরিদর্শন করেন।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, সফর শেষে রোববার স্পিকার ও প্রতিনিধিদলের সদস্যদের দেশে ফেরার কথা রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad